কৃষক নয়, গম দিলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে চাষিদের বাদ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনা হয়েছে। খাদ্যগুদামে গম সরবরাহ করে ব্যবসায়ীরা প্রায় আট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেজিপ্রতি দুই টাকা হিসাবে ২ লাখ ৬৪ হাজার টাকা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী, চাষি গম নিয়ে সরাসরি খাদ্যগুদামে যাবেন। সেখানে গম রেখে তাঁদের বিল (ওজন মান ও মজুত সনদ) দেওয়া হয়। এ বিল ব্যাংকে জমা দিয়ে চাষি নিজেই টাকা তুলবেন।
কেশবপুরের খাদ্যগুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে সভা করে এ বছর খাদ্যগুদামে ১৩৪ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়। প্রকৃত কৃষকের কৃষি কার্ডের মাধ্যমে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ১৯ এপ্রিল থেকে গম কেনা শুরু হয়। ২৩ এপ্রিলের মধ্যে ১৩২ মেট্রিক টন গম কেনা হয়।
কিন্তু গমচাষি নয়, ওই গম সরবরাহ করেন কয়েকজন ব্যবসায়ী। তাঁরা উপজেলার মূলগ্রাম, ভোগতী নরেন্দ্রপুর, আলতাপোল, দোরমুঠিয়া, কাস্তা, ভেরচী ও বুড়ুলী গ্রামের কৃষকদের কার্ডের মাধ্যমে খাদ্যগুদামে ওই গম দেন।
মূলগ্রামের কৃষক পলাশ দাস বলেন, তিনি গম চাষই করেননি। তাঁর কৃষি কার্ড ব্যবসায়ী সঞ্জয় দাস নিয়ে গেছেন। একই গ্রামের নিরঞ্জন দাস বলেন, তাঁর কার্ডও সঞ্জয় দাসের কাছে থাকে। তিনি কোনো খাদ্যগুদামে যাননি বা ব্যাংক থেকে টাকাও তোলেননি।
খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান ৬৫ মেট্রিক টন, জগাই ১৫ মেট্রিক টন, জসিম উদ্দীন তিন মেট্রিক টন, বিষ্ণু দাস ১১ মেট্রিক টন ও সঞ্জয় দাস পাঁচ মেট্রিক টন গম সরবরাহ করেছেন। বাজারে বর্তমানে গমের মূল্য ২২ টাকা কেজি। কিন্তু ওই ব্যবসায়ীরা গম কিনে খাদ্যগুদামে ২৮ টাকা কেজি দরে বিক্রি করেছেন। সে হিসাবে ১৩৪ মেট্রিক টন গমে ৭ লাখ ৯২ হাজার টাকা লাভ করবেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী বিষ্ণু দাস গম দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ কাজ করেই আমাকে চলতে হয়।’ তিনি বাজার থেকে গম কিনে গুদামে বিক্রি করেছেন বলে স্বীকার করেন।
ব্যবসায়ী সঞ্জয় দাস বলেন, তাঁর কাছে নিজ গ্রামের অনেকের কৃষি কার্ড রয়েছে। অন্যের কৃষি কার্ড কেন রেখেছেন, জানতে চাইলে তিনি সেগুলো দিয়ে দিয়েছেন বলে জানান।
কীভাবে তাঁদের নামে বিল করে ব্যাংক থেকে টাকা তুলেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁর টাকা তিনিই তুলেছেন।’ যাঁদের নামে টাকা তুলেছেন, তাঁরা কিছু জানেন না জানালে তিনি কোনো কথা না বলে চলে যান।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে কেশবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল বলেন, গমগুলো কৃষকদের নামে কেনা হয়েছে। সরাসরি কৃষক দেখে বিল দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তা দেওয়া হয়নি।
গম ক্রয় কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, ‘আমাদের কাছ থেকে গুদাম কর্তৃপক্ষ কোনো কৃষকের তালিকা নেয়নি। তাই কে বা কোন কৃষক গম দিয়েছেন, সে ব্যাপারে আমি কিছুই জানি না।’
ইউএনও শরীফ রায়হান কবীর বলেন, কোনো কৃষক গম দিতে পারেনি বা অনিয়ম হয়েছে—এমন অভিযোগ তাঁর কাছে কেউ দেয়নি।