কৃষক লীগের নেতা ও কৃষকসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি, ফরিদপুর ও নড়াইলে গত শনিবার রাতে কৃষক লীগের এক নেতাসহ তিনজন খুন হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিন্টু সরদার, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মোটরসাইকেলের চালক কামাল মোল্লা (৩৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কৃষক সরোয়ার শেখ (৪৫)।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: কামাল মোল্লার সহযোগী কামাল ব্যাপারী জানান, ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের আলেয়ারকান্দা গ্রামে যাওয়ার জন্য শনিবার রাত নয়টার দিকে এক ব্যক্তি ১৫০ টাকায় কামালের মোটরসাইকেলটি ভাড়া করে। রাত ১০টায় সদরপুর-নাসিরাবাদ আঞ্চলিক সড়কের ভেন্নাতলা এলাকায় কামালকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী তাঁকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সদরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা রফিকুল হায়দার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কামালকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সুরতহাল করার পর গতকাল রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের ভাই বাচ্চু মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
ঝালকাঠি: কৃষক লীগের নেতা মিন্টু সরদারের লাশ শনিবার মধ্যরাতে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পর কোনো এক সময়ে মিন্টু সরদারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। তিনি ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তাঁর লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা ও সৌরবিদ্যুতের লাইন ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। তবে মিন্টু সরদারের ব্যবহৃত মুঠোফোন সেটটি পাওয়া যায়নি।
নিহত মিন্টু সরদারের ছেলে সাঈদ সরদার অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন লোক তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেছে।
ঝালকাঠি সদর থানার ওসি শীলমণি চাকমা জানান, নিহত মিন্টু সরদারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লোহাগড়া (নড়াইল): ভাটপাড়া গ্রামের ধানখেতের পাশে মেহগনিবাগান থেকে গতকাল সরোয়ার শেখের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তাঁর দুই ভাই হাফিজ শেখ ও গোলাম রসুল শেখকে আটক করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস গতকাল দুপুরে জানান, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।