কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলিম উদ্দিন (৫০) নামের এক কৃষককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বীরমহুরী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাদের হামলায় কৃষকের অপর দুই ভাইও গুরুতর আহত হন।
পুলিশ ও নিহত কৃষকের পারিবারিক সূত্র জানায়, বীরমহুরী গ্রামের এলাহি বক্স ও আবদুল কুদ্দুসের সঙ্গে একই গ্রামের কৃষক আলিম উদ্দিনের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে আলিম বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। এ সময় এলাহি বক্স, আবদুল কুদ্দুসসহ তাঁদের লোকজন আলিমকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা আলিমকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে আলিমের বড় ভাই বাহার উদ্দিন এবং ছোট ভাই বকুল মিয়া ও সুরুজ মিয়া ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা বাহার ও সুরুজকেও কুপিয়ে জখম করেন।
পরে আলিম, বাহার ও সুরুজকে তাঁদের স্বজনেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন।