কৃষককে নিজঘরে কুপিয়ে হত্যা
মাগুরায় নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় আলেক সর্দার ওরফে আলফু সর্দার (৭০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
আলেক সর্দারের ছোট ছেলে শরিফুল সর্দারের (২৫) ভাষ্য, তিনি পক্ষাঘাতগ্রস্ত মাকে নিয়ে বাড়ির একটি ঘরে থাকতেন। তাঁর বাবা পাশের আরেকটি ঘরে ঘুমাতেন। প্রতিদিনের মতো গতকাল রাতে বাবা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে আসেন।
এ সময় তাঁর বাবার ঘর থেকে একজন লোককে দৌড়ে বেরিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেন শরিফুল। তাঁর ভাষ্য, এরপর ঘরে গিয়ে তাঁর বাবার লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের বেশ কিছু কোপের চিহ্ন রয়েছে।
শরিফুল বলেন, ‘গত ঈদের আগে গ্রামের এক চিহ্নিত চাঁদাবাজ আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায়। ওই সময় আমার মোবাইল ফোন সে কেড়ে নেয়। সম্ভবত ওই ব্যক্তিই আমার বাবাকে খুন করেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, আলেক সর্দারের মুখমণ্ডলে ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কোপানো হয়েছে যে তাঁর চেহারা বোঝার উপায় নেই। এ ছাড়া লাশের শরীরে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, আজ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।