কৃষককে পিটিয়ে ও বাস চালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় গরুতে খেতের ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট তিন ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে গত বুধবার রাতে মামলা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার অভয়পাড়ার কাশেম আলী হাজি বাড়ির সিদ্দিকুর রহমান (৪৫) ও পাকুন্দিয়া উপজেলার হরিষখালী গ্রামের রিটন মিয়া (৫০)। তিনি একজন বাসচালক।
নিহত সিদ্দিকুরের স্ত্রী হোসনে আরা বেগম অভিযোগ করেন, বুধবার বিকেলে তাঁদের খেতে প্রতিবেশী আনিসুরদের গরু এসে ধান খেয়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে রাতে বাড়িতে এসে আনিসুর এবং তাঁর বড় ভাই ইব্রাহিম, বাবা আবদুল মান্নান ও মা খাদিজা বেগম মিলে পিটিয়ে তাঁর স্বামী সিদ্দিকুরকে আহত করেন। ঘটনার পর রাতেই চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
কচুয়া থানার ওসি এস এম ইকবাল বলেন, লাশটি উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আনিসুরকে গ্রেপ্তার করেছে।
পাকুন্দিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে রিটনের ছোট ভাই বকুল মিয়া, খোকন মিয়া ও নজরুল ইসলাম মিলে দুই হাজার টাকায় তাঁদের বাড়ির একটি গাছ বিক্রি করেন। বুধবার দুপুরের দিকে গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে রিটনের সঙ্গে ছোট তিন ভাইয়ের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছোট ভাইয়েরা মিলে রিটনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তিনি মারা যান।