কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় গরুতে জমির ধান নিয়ে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষকের নাম সিদ্দিকুর রহমান (৪৫)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত কৃষকের স্ত্রী হোসনেয়ারা বেগম।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার ৩ নম্বর বিতরা ইউনিয়ন পরিষদের অভয়পাড়া গ্রামে কাশেম আলী হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। হাজি বাড়িসংলগ্ন সিদ্দিকুর রহমানের ধানখেতে পাশের বাড়ির আবদুল মান্নান (৫৫) নামের এক ব্যক্তির গরু ঢুকে পড়ে। গরু খেতের বেড়া নষ্ট করে ধান খেয়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে আবদুল মান্নান, তাঁর স্ত্রী খাদিজা বেগম (৪৫) এবং দুই ছেলে ইব্রাহিম (২৮) ও আনিসুর রহমান (২০) কৃষক সিদ্দিককে পিটিয়ে আহত করেন। রাতেই সিদ্দিককে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মামলার প্রধান আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক রয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সিদ্দিকের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।