কৃষককে পিটিয়ে হত্যা, নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে মোশাররফ হোসেন (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত আটটার দিকে। নিহত মোশাররফ তারাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
এদিকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর গতকাল বুধবার সকালে নাঈম হাওলাদার (১৪) নামে এক কিশোরের লাশ বাড়ির পাশের গাছ থেকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাঈমের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামে। সে শাহ আলম হাওলাদারের ছেলে ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, মঙ্গলবার সকালে খেতে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে তারাকান্দা গ্রামের মোশাররফের ছেলের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলের তর্কবিতর্ক হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেন ওই দিন রাত আটটার দিকে মোশাররফকে তাঁর বাড়ির সামনে ডেকে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এতে বিক্ষুব্ধ গ্রামবাসী দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ওসি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মোশাররফের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মু. রফিকুল ইসলাম জানান, নাঈম গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। গতকাল সকালে বাড়ির পাশে ছৈইলাগাছের ডালে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিলে মৃতদেহ উদ্ধার করে এবং এলাকার লোকজন ও নাঈমের আত্মীয়স্বজন লাশটি নাঈমের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।