কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত শনিবার অহিদুল ইসলাম (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদা বেগম (২৭) নামের এক গৃহবধূকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

অহিদুলের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের কৃষক অহিদুলের সঙ্গে তাঁর চাচাতো ভাই খোকা মিয়ার (৪৮) দীর্ঘদিন ধরে বসতবাড়ির ৩১ শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছে। ওই বিরোধপূর্ণ জায়গায় শনিবার অহিদুল ঘর নির্মাণের জন্য বালু ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন শনিবার রাত আটটার দিকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন আলম বলেন, অহিদুলের লাশ শনিবার রাতেই উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আফজাল হোসেন বাদী হয়ে খোকাসহ নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও আট-নয়জনকে আসামি করে গতকাল দুপুরে থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলার আসামি মাহমুদাকে গ্রেপ্তার করে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।