কৃষককে মদ ব্যবসায়ী বানিয়ে অর্থ দাবি
নরসিংদীর মাধবদীতে সাইফুল ইসলাম নামের এক কৃষককে মদ ব্যবসায়ী বানিয়ে স্বজনদের কাছে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে এক এএসআইসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে। গত সোমবার বাড়ির সামনে মদের বস্তা পাওয়ার দাবি করে পুলিশ তাঁকে আটক করে। পরে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সাইফুল ইসলামের (৪০) বাড়ি সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর বিলপাড় এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে মাধবদী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হুদাসহ চারজন পুলিশ সদস্য সাইফুলের বাড়িতে আসেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাঁদের বারান্দায় এক বস্তা মদ পাওয়া গেছে বলে সাইফুলকে ধরে নিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য ফাঁড়িতে যোগাযোগ করতে বলে যান তাঁরা। পরে সকালে কৌশলে সাইফুলের পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন তাঁরা। ঘটনাটি জানাজানি হলে দুপুরে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম তদন্ত করতে এলাকায় আসেন। সে সময় স্থানীয় লোকজনের দাবির মুখে সাইফুলকে ছেড়ে দেওয়া হয়।
সরেজমিনে এই প্রতিবেদক পুলিশ ফাঁড়িতে নিজেকে সাইফুলের খালাতো ভাই পরিচয় দিয়ে এএসআই নাজমুল হুদার সঙ্গে কথা বলেন। এ সময় সাইফুলের স্ত্রী ময়না বেগম ও পরিবারের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। নাজমুল হুদা সাইফুলের পরিবারের সদস্যদের বলেন, ‘সাইফুলের বিরুদ্ধে মামলা করব না। কিছুক্ষণের মধ্যে আইসি (ফাঁড়ির ইনচার্জ) স্যার ঘটনাস্থলে তদন্তে যাবেন। আপনারা এই কাগজে (জব্দ তালিকা) সাক্ষীর ছকে স্বাক্ষর করেন।’ কিন্তু খালি কাগজে স্বাক্ষর করার কারণ জানতে চাইলে স্বাক্ষর না করলে সাইফুলকে ছাড়া হবে না বলে জানান তিনি।
ময়না বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর সকালে লোকমারফত ৫০ হাজার টাকা চায় পুলিশ। পরে পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমের কাছে গেলে তিনি কিছু করতে পারবেন না বলে জানান। দুপুরে কালাম দারোগা এলাকায় গেলে লোকজনের দাবির মুখে বেলা তিনটায় সাইফুলকে ছেড়ে দেন।
ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই সাইফুলের বাড়ি থেকে পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়েছে। কিন্তু শুরুতেই ঘটনাটি সাজানো মনে হয়েছে। এলাকাবাসী সাইফুলকে ভালো বলেছেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে আটকের ১৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ঘটনাটি জানেন না বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।