কৃষককে মাইক্রোতে তুলে ঋণের টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের টাকা তুলে বাড়ি ফিরছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃষক আবদুল মান্নান মিয়া (৫০)। সঙ্গে ছিলেন আরেক কৃষক মোতালেব। শোলা প্রতিমা এলাকায় সখীপুর-ঢাকা সড়কে পৌঁছালে পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তাঁদের তুলে নেয় ছিনতাইকারীরা। পরে তাঁর কাছ থেকে সব টাকা ছিনিয়ে নিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর বনের পাশে তাঁদের ফেলে রেখে যায় তারা। এমনটাই দাবি করেন আবদুল মান্নান মিয়া।

গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ি ফেরেন আবদুল মান্নান মিয়া ও মোতালেব। তাঁদের বাড়ি উপজেলার বোয়ালী পূর্বপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে আবদুল মান্নান উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের নলুয়া শাখা থেকে ঋণের আড়াই লাখ টাকার একটি ব্যাংক চেক নেন। এরপর সখীপুর অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে শোলা প্রতিমা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন দিক থেকে এসে ওই অটোরিকশার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে পরিচয় দেয়। মামলা আছে বলে আবদুল মান্নান ও তাঁর প্রতিবেশী কৃষক মোতালেবকে (৬০) ওই মাইক্রোবাসে তুলে নেয়। রাস্তায় ওই দুজনের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নেয় তারা। সন্ধ্যার দিকে ওই দুজনকে রাজেন্দ্রপুর এলাকায় একটি বনের ধারে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। রাত আড়াইটার দিকে ওই দুই কৃষক বাড়ি ফেরেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, দুই ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। তাই স্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাকের নলুয়া শাখা থেকে আড়াই লাখ টাকা ঋণ নেন। আবদুল মান্নান দাবি করেন, ওই লোকগুলোর কাছে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ ছিল। পুলিশ পরিচয় দেওয়ায় চিৎকার-চেঁচামেচি করেননি তাঁরা।

সখীপুর নলুয়া শাখার ব্র্যাকের ব্যবস্থাপক আসাদুজ্জামান আবদুল মান্নানকে ওই দিন ঋণের আড়াই লাখ টাকার একটি চেক দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় বোয়ালী গ্রামের কয়েকজন লোক থানায় এসে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।