কৃষকদের ওপর বালু-সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর শম্ভুপুরা এলাকায় কৃষকদের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় বালু-সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের শম্ভুপুরা ও দড়িগাঁও এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীর তীরবর্তী কৃষকদের ফসলি জমির মাটি কয়েক মাস ধরে জোরপূর্বক কেটে নিয়ে যাওয়া হচ্ছে। বন্দর উপজেলার চান মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং ওই ইউনিয়ন যুবলীগের সদস্য মনির হোসেনের নেতৃত্বে বালু-সন্ত্রাসীরা এ কাজ করছে। গ্রামবাসী গতকাল একত্র হয়ে নদীর তীরে গিয়ে মাটি কাটায় বাধা দেন। এ সময় বালু-সন্ত্রাসীরা টেঁটা, লাঠি নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। হামলায় দড়িগাঁও গ্রামের রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, টিটু মিয়া, হাসান মিয়া, শাকিল মিয়াসহ ১০ জন আহত হন।
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা অবৈধ বালু কাটার সঙ্গে জড়িত নই। গ্রামবাসীই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।’
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।