কৃষকসহ তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর ও ফরিদপুরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাতক্ষীরায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ও গত শনিবার ওই ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: সদর উপজেলার দরিচর দাদপুর গ্রামে ইছহাক ফকির (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল রোববার তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শরীয়তপুর সদর থানা সূত্র জানায়, দাদপুর গ্রামের ইছহাক ফকিরের সঙ্গে তাঁর চাচাতো ভাই রহমান ফকির ও তাঁর ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে ইছহাক তাঁর জমিতে কাজ করছিলেন। এ সময় তাঁর চাচাতো ভাই রহমান ফকির, আজিজুল ফকির ও তৈয়ব আলী ফকির ১০-১২ জন লোক নিয়ে হামলা চালায়। তারা ইছহাককে কুপিয়ে ও পিটিয়ে ফসলি জমিতে ফেলে রেখে যায়। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
নিহত ইছহাকের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, ‘রহমান ফকির ও তাঁর ভাইয়েরা আমাদের জমি জোর করে দখল করতে চেয়েছিল। আমার স্বামীর জন্য তা পারছিল না। এ কারণে তাঁকে হত্যা করা হয়েছে।’
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরিদপুর: এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের কৃষক ফারেজান মোল্লা (৫৮) চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত শনিবার দিবাগত রাতে কয়েকজন দুর্বৃত্ত সিঁধ কেটে ঘরে ঢুকে ফারেজানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা ফারেজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সেনদিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মুকসুদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা: কলারোয়া উপজেলার দিয়াড়া গ্রামের গৃহবধূ নাসরিন নাহারকে (২৫) গত শনিবার পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নাসরিনের চার বছর বয়সী সন্তান নাঈম ঘরে কান্নাকাটি করছিল। তার কান্না শুনে প্রতিবেশীরা এসে ঘরের ফ্যানের সঙ্গে নাসরিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের ভাই একই উপজেলার মাদ্রা গ্রামের মহিবুল্লাহ গাজী অভিযোগ করেন, নাসরিনের সঙ্গে দিয়াড়া গ্রামের উজ্জ্বল হোসেনের বছর পাঁচেক আগে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁর বোনের স্বামী অন্য একজন বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এর প্রতিবাদ করায় নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত তাঁর স্বামী। শনিবার সন্ধ্যায় এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর বোন নাসরিনকে রড দিয়ে বেধড়ক মারধর করে উজ্জ্বল। নাসরিন মারা গেলে তাঁর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ঘরে তালা লাগিয়ে বাড়ির লোকজন গা ঢাকা দেয়।
নিহতের শ্বশুর নাসির সরদার বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি শুনেছেন, তাঁর ছেলের বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ বলেন, নিহতের কপালে জখম ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর নাসির সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় মহিবুল্লাহ গাজী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।