কৃষকের জমি দখল করে রাস্তা বানালেন আ.লীগের নেতা!
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ্ আল ফারুকের বিরুদ্ধে গত শুক্রবার এক কৃষককে মারধরের পর চুরির অপবাদ দিয়ে থানায় সোপর্দ এবং জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। আবদুল্লাহ্ আল ফারুক আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় খোট্রপাড়া ইউনিয়নের জুজখোলা গ্রামের কৃষক মন্তেজার রহমান (৬৫) স্থানীয় মোস্তাইল বাজারে চা খেতে যান। এ সময় আবদুল্লাহ্ আল ফারুক ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হায়দার আলী তাঁকে মারধর করেন। তাঁকে ইউপি কার্যালয়ে ধরে এনে নন-জুডিশিয়াল তিনটি স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়। পরে তাঁকে নিজের সাইকেল চুরির অভিযোগে থানায় সোপর্দ করা হয়।
গতকাল শনিবার দুপুরে শাজাহানপুর থানায় গিয়ে কথা হয় মন্তেজারের সঙ্গে। তিনি বলেন, ‘শুক্রবার সারা দিন কাম করার পর বাড়িত আসি দেকি বউ চুলাত ভাত আন্দিচ্চে। খিদার চোটত মাগরিবের নামাজের পর পুরানো ভাঙ্গা সাইকেলডা লিয়ে মোস্তাইল বাজারত গেচি একনা চা খাবার। বাজারত যেই পৌঁচিচি, চিয়ারমিন ফারুক ও মেম্বার হায়দার হঠাৎ হামার ওপর আক্রমণ করল। প্রথমে চিয়ারমিন দু গালে ঝড়ের মতো চড় মারবার শুরু করল। পরে হায়দার মিম্বার। চিয়ারমিন কয়, শালা, কেস করা তোর বার করিচ্চি। পরে ইউপি কার্যালয়ে ধরে লিয়ে গেল। লাঠি হাতে চিয়ারমিন কয়, সই কর শালা। ভয়ে সই দিচি। এক শ টেকার তিনডা স্ট্যাম্পত সই লিল। পরে চৌকিদার বক্কর ও মান্নানকে দিয়া থানাত দিল। একন শুনিচ্চি হামার পুরানো সাইকেলডা হামি নাকি চুরি করিচি। এই অপবাদ সমো ক্যামনে?’
মন্তেজার আরও বলেন, ইউপি নির্বাচনের আগে আবদুল্লাহ্ আল ফারুক ভোটের বিনিময়ে জুজখোলা-কানিপাড়া এলাকার লোকজনকে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হওয়ার পর তিনি মন্তেজারের পৈতৃক জমি দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। তিনি জোর করে নলকূপ বসানো ও জায়গা দখল করে ইট বসিয়ে মেস্তাইল-জুজখোলা সড়ক থেকে জুজখোলা কানিপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। পরে মন্তেজার জায়গা দখলের বিরুদ্ধে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। এতে চেয়ারম্যান, ইউপি সদস্যসহ পাঁচজনকে বিবাদী করা হয়। আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। বৃহস্পতিবার সমনের নোটিশ পেয়ে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান ও সদস্য।
মন্তেজারের ছেলে খোট্রপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সরকার বলেন, পুলিশ অভিযোগ তদন্ত না করেই তাঁর বাবাকে সারা রাত থানা হাজতের বারান্দায় বসিয়ে রাখেন। সাংবাদিকেরা বিষয়টি জানতে পারলে থানার ওসি এক এসআই তদন্তে পাঠান। বাবাকে পুলিশ থানায় আটকে রাখার সুযোগে গতকাল সকালে ইউপি চেয়ারম্যান লোকজন দিয়ে আদালতে সমন জারি করা জমি দখল করে রাস্তা নির্মাণ করেন।
তবে আবদুল্লাহ্ আল ফারুক বলেন, ‘মন্তেজার সাইকেল চুরি করে ধরা পড়েছেন। এলাকার লোকজন সাইকেলসহ আমার হাতে তুলে দেওয়ার পর তাঁকে দু-চারটা থাপ্পড় মেরে চৌকিদার দিয়ে থানায় সোপর্দ করেছি। ভয়ভীতি দেখিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়নি। জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগও সত্যি নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক জুজখোলা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ‘গ্রামের সগলি জানে মন্তেজার ভালো লোক। চিয়ারমিন তার ধানি জমি দিয়া রাস্তা দিচ্চে। রাজি না হওয়ায় লোকটা মামলা দিচে। তাই বলে মারধর করে থানাত দিবি। ২০ বছর ধরে লোকটা ভাঙা সাইকেল লিয়ে হাটবাজারে যাচ্চে। সাইকেল চুরির কথা কেউ বিশ্বাস করবি লয়।’
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, চেয়ারম্যান জানিয়েছেন যে মন্তেজার সাইকেল চোর। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।