কৃষকের টাকা নিয়ে উধাও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে ১৪-১৫ জন কৃষকের কাছ থেকে বাকিতে কেনা শত শত মণ ধান বিক্রির টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম। ধান বিক্রির টাকা না পেয়ে পথে বসার আশঙ্কায় ভুগছেন এসব কৃষক।
উপজেলার সূর্যপুর গ্রামের বাসিন্দা রবিউল ও তার বাবা মজিরউদ্দীন আহম্মদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক জাবের চৌধুরী। ২০ জুন তিনি এই অভিযোগ করেন।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে কথা হয় প্রতারণার শিকার একাধিক চাষির সঙ্গে। আলাপ করে জানা যায়, মাধবপুর গ্রামের জাবের চৌধুরীর টাকাসহ ৪২৬ মণ ধান, একই গ্রামের জিল্লুর রহমান চৌধুরীর ২০০ মণ ও সাবেক ইউপি সদস্য আবদুল হকের ১০০ মণ, মাঝখুড়িয়া গ্রামের আলী হোসেন ও আজিজুর রহমানের ১১৬ মণ করে, ফরিদুর রহমানের ৪৮ মণ, আমজাদ হোসেনের ৭৮ মণ এবং হাবিবুর রহমানের ৬২ মণসহ আরও ছয়-সাতজন কৃষকের দেড় শ মণ ধান বাকিতে কিনে টাকা না দিয়েই পালিয়েছে রবিউল। এসব ধানের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে কৃষক জিল্লুর রহমান চৌধুরী দাবি করেন।
ভুক্তভোগী জাবের চৌধুরী ও আবদুল হক অভিযোগ করেন, রবিউল ধান নিয়ে ভাড়া করা যে গুদামে মজুত রেখেছিলেন, সেই গুদামের মালিকের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, এখন সেখানে কোনো ধান নেই। রবিউল সব সরিয়ে ফেলেছে। বোচাগঞ্জের কোনো বড় চালকলে সব ধান বিক্রি করে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
মাঝখুড়িয়া গ্রামের কৃষক আজিজুর রহমান আক্ষেপ করে বলেন, ‘এবার ধানের দাম কম ছিল। এ ছাড়া ধান কাটা-মাড়াইয়ের সময় আকাশের অবস্থা ভালো ছিল না। তাই বাড়ির কাছের মানুষ মনে করে রবিউলকেই বাকিতে দিয়ে দিলাম। এখন দেখি আমার সবই চলে গেল।’
এলাকাবাসী সূত্রে জানা যায়, পীরগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের রবিউল আগে ঢাকায় থাকত। ২০১০ সালে এলাকায় এসে মাঝখুড়িয়া এলাকার ‘সবাইমোড়’ নামক জায়গায় একটি ছোট ঘর ভাড়া নিয়ে পান-সিগারেটের দোকান দিয়ে বসে। সঙ্গে ফ্ল্যাক্সি লোডের কাজও করত। কিছুদিন পর নিজ দোকানের পাশের একটি বড় ঘর ভাড়া নিয়ে তাতে ধান-চালের কারবার শুরু করে।
এরই মধ্যে পান-সিগারেট বিক্রি ও ফ্ল্যাক্সি লোডের সূত্রে দ্রুত পরিচিত হয়ে ওঠে রবিউল। এ কারণে সূর্যপুর, মাধবপুর ও মাঝখুড়িয়া গ্রামের চাষিদের অনেকে রবিউলের গুদামে ধান বিক্রি করতে থাকেন। বছর দুয়েকের মধ্যে এলাকায় ধান কেনার জন্য রবিউল পরিচিত মুখ হয়ে ওঠে।
এ সুযোগ কাজে লাগিয়ে এবারের বোরো মৌসুমে রবিউল ১০-১২ জন কৃষকের কাছ থেকে প্রায় এক হাজার মণ বোরো ধান বাকিতে কেনে। এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এলাকা থেকে উধাও হয়। চাষিরা ধান বিক্রির পাওনা টাকা আনতে গিয়ে গুদামে ও চাতালে রবিউলকে না পেয়ে তার এলাকা ছাড়ার বিষয়টি জানতে পারেন। রবিউলকে না পেয়ে চাষিরা টাকার জন্য তাঁর বাবা মজিরউদ্দীনের কাছে ধরনা দিতে থাকেন। এতেও কোনো কাজ হয়নি। পরে ক্ষুব্ধ চাষি জাবের চৌধুরী তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘আমি একটি অভিযোগ পেয়েছি।’
এ ব্যাপারে কথা বলতে রবিউলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রবিউলের বাবা মজিরউদ্দীনও পালিয়েছেন। তবে রবিউলের মা বানু বেগম বলেন, ‘আমার ছেলে ১০-১২ দিন আগে ধান বিক্রির টাকা আনার জন্য বোচাগঞ্জে গিয়ে এখনো ফিরে আসেনি। মানুষের ধান নেওয়ার কথা আমি জানি না।’
রবিউলের চাচাতো ভাই মাহাবুব আলম বলেন, রবিউল কার কাছ থেকে কী পরিমাণ ধান নিয়েছেন, তা একমাত্র তিনিই জানেন। তবে বাড়িতে পুলিশ আসায় চাচা মজিরউদ্দীন ভয়ে পালিয়েছেন।