কৃষকের টাকা ব্যবসায়ী ও কর্মকর্তাদের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ধান ক্রয়ে দুর্নীতির পর এবার গম সংগ্রহ অভিযানেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকার গমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে গম কেনার সিদ্ধান্ত নিলেও কয়েকজন খাদ্য কর্মকর্তার যোগসাজশে কতিপয় ব্যবসায়ী তা সরবরাহ করে লাভের টাকা পকেটে পুরেছেন।

অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা ও কয়েকজন ব্যবসায়ী কৃষকের ভুয়া তালিকা তৈরি করে ওই গম সরবরাহ করেন। সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ করা নিম্নমানের গম কালোবাজারে ১৪ টাকা কেজি দরে কিনে ২৮ টাকা দরে ২০০ মেট্রিক টন গম খাদ্য বিভাগে সরবরাহ করা হয়েছে।

যে ৬৮ জন কৃষকের নামে ওই গম সরবরাহ করা হয়েছে, তাঁদের মধ্যে অন্তত ২৫ জনের সঙ্গে কথা বলে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁরা বলেন, বরগুনা খাদ্যগুদামে তাঁরা গম বিক্রি করেননি। কেউ তাঁদের কাছে সই নিতেও আসেনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বরগুনায় গম সংগ্রহ করা হয়। এ কর্মসূচির আওতায় ২০০ মেট্রিক টন গম ক্রয় করা হয়। সে হিসাবে জেলায় ৬৮ জন কৃষকের কাছ থেকে কাগজে-কলমে ৫৬ লাখ ৫৬ হাজার টাকার গম ক্রয় করা হয়।

বরগুনা খাদ্য বিভাগের একটি সূত্র জানায়, এসব গম কৃষকদের কাছ থেকে না কিনে বরগুনা লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন জেলা শহরের ব্যবসায়ী পরিমল সমাদ্দার, মনির কাজীসহ তিনজন ব্যবসায়ীর মাধ্যমে অন্য জেলা থেকে প্রতি কেজি ১৪ টাকা দরে কিনে এনে সরবরাহ করান। পরে ব্যবসায়ীদের মাধ্যমে সদর উপজেলা কৃষি কার্যালয় থেকে কার্ডধারী কৃষকদের তালিকা এনে ভুয়া ক্রয় তালিকা তৈরি করে টাকা তুলে নেন।

ওই তালিকায় থাকা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন, তালিকায় থাকা খফেজ মোল্লা, মোস্তফা মোল্লা, আবদুল কাদের, রতন চন্দ্র দাসসহ অনেকে এ-সংক্রান্ত কোনো কাগজপত্রেই সই করেননি।

তালিকায় ব্যবসায়ী পরিমল সমাদ্দারের ছোট ভাই খোকন সমাদ্দারের দোকানের ব্যবস্থাপক স্বপন গোমস্তার নামে খাদ্যগুদামে তিন মেট্রিক টন গম সরবরাহের উল্লেখ আছে। তাঁর ঠিকানা দেখানো হয়েছে গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে।

স্বপন গোমস্তা বলেন, ‘খাজুরতলা গ্রামে আমাদের কিছু জমি আছে। সেখানে এ বছর কিছু গমের চাষ করে ১৫ মণ গম পেয়েছি। এর সঙ্গে বাইরে থেকে গম কিনে গুদামে দিয়েছি।’ তবে এ গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, খাজুরতলা গ্রামের কোথাও এবার গম চাষ করা হয়নি।

একই উপজেলার দক্ষিণ মনসাতলী গ্রামের জুরান চন্দ্র সরকার বলেন, ‘আমি বরগুনা খাদ্যগুদামে কোনো গম দিইনি। সই দিয়ে টাকাপয়সাও নিইনি।’ রায়েরতবক গ্রামের ফুচকা বিক্রেতা সিদ্দিক ঘরামি বলেন, ‘আমি কোথাও গম বিক্রি করিনি। কোনো কাগজেও সই দিইনি। কীভাবে আমার নাম গম ক্রয় তালিকায় এল বুঝতে পারছি না।’ একই গ্রামের জসিম ফকির বলেন, তিনি গম বিক্রি করেননি কিন্তু তাঁর নাম এসব তালিকায় কীভাবে যেন উঠেছে।

ব্যবসায়ী পরিমল সমাদ্দার বলেন, ‘আমরা খাদ্যগুদামে গম দিইনি। কৃষকেরা নিজেরা গুদামে গম দিয়েছেন। গুদাম থেকে যে কেউ কৃষকের চেক এনে ব্যাংকে জমা দিতে পারে। ব্যাংক কৃষকদের সই মিলিয়ে তারপর টাকা দিয়েছে। গৌরিচন্না ইউনিয়নের কৃষকদের নামের টাকা ব্যাংক থেকে তুলে আমাদের দোকানে বসে কৃষকদের দেওয়া হয়েছে।’ আরেক ব্যবসায়ী মনির কাজী গম সরবরাহের কথা অস্বীকার করে বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই।’

গম সংগ্রহ পদ্ধতির নীতিমালায় বলা হয়েছে ‘আগে আসলে আগে ক্রয় করা হবে’ ভিত্তিতে কৃষকদের কাছ থেকে গম ক্রয় করতে হবে। কোনো ব্যবসায়ী বা ফড়িয়ার কাছ থেকে গম কেনা যাবে না। নীতিমালা অনুযায়ী, গম ক্রয়-সংক্রান্ত জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং সদস্যসচিব হবেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি এ কমিটির সদস্য হবেন।

বরগুনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, ‘আমি কৃষকদের কাছ থেকেই গম কিনেছি। বিল দেওয়ার ক্ষেত্রে আমি কৃষকদের সই সত্যায়িত করে উপজেলা ক্রয় কমিটির কাছে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে বিল দিয়েছে।’

সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মজিবুর রহমান বলেন, ‘বরগুনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষকদের কাছ থেকে ক্রয়ের তালিকা আমার কাছে উপস্থাপন করার পর আমি শুধু বিল দিয়েছি। এর বাইরে কিছু জানি না।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল ইসলাম বলেন, গম ক্রয়ে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে, কিন্তু এতে আর্থিক ক্ষতি হয়নি।

জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম বলেন, ‘কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেননি। দিলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, একই চক্র গত আগস্টে ধান ক্রয় অভিযানের সময় একইভাবে ১৯৮ জন ভুয়া কৃষকের তালিকা তৈরি করে ৫৯২ মেট্রিক টন ধান সরবরাহ করে। সে সময় প্রতি কেজি ধানের সরকার নির্ধারিত দাম ছিল ২৩ টাকা। সে হিসাবে ৫৯২ মেট্রিক টন ধানের মূল্য বাবদ বরাদ্দ ছিল ১ কোটি ৩৬ লাখ টাকা। বাইরে থেকে ১৫ টাকা কেজি দরে নিম্নমানের ধান কিনে এনে সরবরাহ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি।