কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের কৃষক মো. আবু হানিফ হাওলাদারের চারটি ধানের পালায় গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ওই কৃষকের প্রায় ১৫০ মণ ধান পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আবু হানিফ তাঁর নয় একর জমির ধান কেটে বাড়ির পাশের খলায় (ধান প্রক্রিয়াকরণের জায়গা) চারটি পালায় স্তূপ করে রাখেন। শুক্রবার রাতের শেষ দিকে দুর্বৃত্তরা ধানের ওই চারটি পালায় আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের শিখা দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুরু করলে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ততক্ষণে ধানের পালা পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক আবু হানিফ হাওলাদার বলেন, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় এক ধান ব্যবসায়ী বলেন, ওই ধানের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।