কৃষকের নামে ঋণের টাকা উত্তোলন করে আত্মসাৎ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অগ্রণী ব্যাংক থেকে শস্য ও পল্লি ঋণের নামে ব্যাংক কর্মকর্তা এবং স্থানীয় দালাল চক্র শতাধিক কৃষকের নামে ঋণের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী কৃষক ও অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, ব্যাংকটি গত বছর বোরো মৌসুমে শস্য ও পল্লি ঋণ হিসেবে উপজেলায় ১২টি ইউনিয়নের ১ হাজার ৫০০ গরিব কৃষকের মাঝে ৩ কোটি ৭৮ লাখ টাকা বিতরণ করে। কলসপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খবিরুল ইসলাম, গুল্লারপাড় গ্রামের সরু মাহমুদ ও মরিচপুরানের বাঁশকান্দা গ্রামের মো. জহুর উদ্দিন ও ওই শাখার সাবেক ব্যবস্থাপক মো. শাহজাদা, ব্যাংকের তদন্ত কর্মকর্তা (আইও) আবদুল লতিফের যোগসাজশে কলসপাড় ইউনিয়নের শতাধিক কৃষকের নামে-বেনামে প্রায় ১০ লাখ টাকার ঋণ উত্তোলন করা হয়। এক ব্যক্তির নামে দুই থেকে তিনটা ঋণ দেখানো হয়েছে। ভূমিহীন, শিক্ষার্থী এবং ভিক্ষুকের নামেও ঋণ উত্তোলন করা হয়েছে। গত ১০ মার্চে একজন কৃষক দালাল চক্রের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেন। এরপর থেকে বিষয়টি জানাজানি হয়।
গত ৮ মে অগ্রণী ব্যাংক থেকে কৃষকদের ঋণ বিষয়ে জানতে নোটিশ দেওয়া হচ্ছে। এ নোটিশের পরিপ্রেক্ষিতে শতাধিক কৃষক জানতে পারেন, তাঁদের নামে ভুয়া ঋণ দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাপক মো. শাহজাদা, আইও আবদুল লতিফের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নিতে ১৩ জুন শতাধিক কৃষকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ইউএনওর কাছে দেওয়া হয়েছে। বালুঘাটা গ্রামের কৃষক মো. শরাফত আলী (৪৫) বলেন, ‘দালাল সরু মাহমুদ আমার স্ত্রীর নামে একটা আর আমার নামে তিনডা ঋণ দেখাইয়া ৫৭ হাজার টেহা তোলছে। ঋণ দিবো কইয়া আমগর জাতীয় পরিচয়পত্র ও ছবি নিছে। কিন্তু টেহা দিছে না। নোটিশের পর ব্যাংকে আইয়া জানবার পাই, আমগর দুজনের নামে চারডা ঋণ তোলছে। কিন্তু আমরা টেহা পাই নাই।’
পূর্ব কলসপাড় গ্রামের রফিক উদ্দিন বলেন, ‘তিন দালাল ও দুজন ব্যাংক কর্মকর্তা ঋণ দিবো কইয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও টিপসই নিছে। কিন্তু ঋণ দিছে না। পরে ব্যাংকে খুঁজ নিয়া জানা গেছে, আমগর বাপ ছেলের নামে ৩০ হাজার টেহা ঋণ নেওয়া অইছে। ঋণের কথা দালালেরা অস্বীকার করলে তাগর বিরুদ্ধে থানায় অভিযোগ দেই। এরপর থাইকা জালিয়াতের বিষয়ডা জানাজানি অইয়া যায়।’ইউপি সদস্য মো. খবিরুল ইসলাম বলেন, ‘যাঁদের নামে ঋণ হয়েছে, তাঁদের শনাক্ত করতে ব্যাংকের আইওর কথামতো ছবি ও ঋণ ফরমে স্বাক্ষর দিছি। আমি কোনো অনিয়মে সঙ্গে জড়িত না।’
অভিযুক্ত সরু মাহমুদ মুঠোফোনে জানান, ‘আমি, মেম্বার খবিরুল ও জহুর এই তিনজনে দুই থেকে তিন হাজার টাকার বিনিময়ে কৃষকদের ঋণ তোলতে সহায়তা করেছি। কৃষকেরা ঋণও পাইছে। কোনো কৃষকের টাকা আত্মসাৎ করি নাই।’
এ ব্যাপারে অভিযুক্ত মো. শাহজাদা ও জহুর উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁরা ফোন ধরেননি। ব্যাংকের আইও আবদুল লতিফের কাছে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা জানান, কৃষকদের পক্ষ থেকে প্রতারণার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্রণী ব্যাংকের এজিএম সুরঞ্জন সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে সাবেক শাখা ব্যবস্থাপক মো. শাহজাদা ও আইও আবদুল লতিফের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।