কৃষকের বাড়িঘর ভাঙচুর করে দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের ইউসুফ আলী নামের এক কৃষকের বাড়িঘর ভাঙচুর করে গত রোববার দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। এদিকে ওই কৃষক স্ত্রী-সন্তান নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছেন।

স্থানীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ইউসুফ আলী।

ইউসুফ সংবাদ সম্মেলনে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এক জমিতে আধা পাকা ঘর নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। ওই গ্রামের জনৈক আকবর আলী তাঁর জমিটি দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন। জমির কিছু অংশ পাবেন বলে আকবর দাবিও করেন। গত রোববার কাজের জন্য তিনি মাঠে গেলে আকবর ও তাঁর ভাড়াটে লোকজন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বাড়ির আসবাব ফেলে দেন ও লুটপাট করেন। বাড়িতে থাকা একটি ছাগলও মেরে ফেলে। বাড়িতে থাকা তাঁর (ইউসুফ) স্ত্রী ও শিশু ছেলে পালিয়ে আত্মরক্ষা করে। সে থেকে তাঁরা একই গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। ওই বাড়িতে গতকাল থেকে ইট দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেছেন আকবর।

এ ঘটনায় ইউসুফ বাদী হয়ে থানায় আকবরসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ইউসুফের অভিযোগ, থানায় একাধিকবার মুঠোফোনে বিষয়টি জানিয়ে ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানালেও কোনো কাজ হয়নি। আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

গতকাল সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কৃষকের বাড়িঘেঁষে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করতে দেখা যায়। বাড়ির কিছু আসবাব উঠানে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। অভিযুক্ত আকবরসহ কয়েকজন এর চারপাশে পাহারা দিয়ে রয়েছেন। এ সময় আকবর বলেন, জমিটির কিছু অংশের মালিক তাঁরা। ওই জমি ইউসুফ দখলে রেখেছিলেন, তা দখলমুক্ত করা হয়েছে।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা পালিয়ে থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।