কৃষকের সঙ্গে বিদ্যালয়ের উদ্যোক্তাদের প্রতারণা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১০ শতক জমির পরিবর্তে এক কৃষকের সব সম্পত্তি বিদ্যালয়টির উদ্যোক্তারা লিখে নিয়েছেন। ঘটনাটি ১৯৭৪ সালের। তবে ২০০১ সালে ওই কৃষক ঘটনাটি জানতে পারেন। প্রতারণার শিকার নুরুল ইসলাম নামের ওই কৃষকের বাড়ি উপজেলার আধুনগর সুফী মিয়াজী পাড়ায়।
নুরুল ইসলাম বলেন, ‘লেখাপড়া শিখিনি। ১৯৭৪ সালে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিলে খুব খুশি হই। উদ্যোক্তারা জানালেন, আমার চাষের ১০ শতক জমি দিতে হবে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। ওই জায়গার পরিবর্তে অন্য জায়গায় সমপরিমাণ জমি আমাকে দেওয়া হবে। বিদ্যালয় প্রতিষ্ঠার স্বার্থে রাজি হই। কিন্তু আমার নিরক্ষরতার সুযোগ নিয়ে আমাদের বসতবাড়ি, পুকুর, চাষের জমিসহ পরিবারের যাবতীয় সম্পত্তি দানপত্র হিসেবে লিখে নেন উদ্যোক্তারা। এখন আমরা নিঃস্ব।’
সম্প্রতি সরেজমিনে এই প্রতিবেদক ঘটনাটি জানতে পারেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭৪ সালে মো. এয়াকুব, দলিলুর রহমান, মো. আবদুল্লাহ ও এস এম আমানুল্লাহ নামের চার ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ জন্য তাঁরা অন্য জায়গায় সমপরিমাণ জমি দেওয়ার কথা বলে নুরুল ইসলামের কাছে তাঁর ১০ শতক জমি চান। ১৯৭৪ সালের ১৬ মে ১০ শতক জমি বিদ্যালয়ের নামে আধুনগর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দানপত্র করতে যান নুরুল ইসলাম। এ সময় উদ্যোক্তারা নিরক্ষরতার সুযোগ নিয়ে নুরুল ইসলামের পৈতৃক সব সম্পত্তি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে নেন। এরপর উদ্যোক্তারা ওই বছর দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে পৈতৃক জমি বিক্রি করতে গিয়ে নুরুল ইসলাম জানতে পারেন, তাঁর সব সম্পত্তি ওই বিদ্যালয়টির নামে লিখে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ আধুনগর বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি জালাল আহমদ (৬০) বলেন, ওই গরিব কৃষক পরিবারের সঙ্গে এ ধরনের কাজ করা উদ্যোক্তাদের উচিত হয়নি। অথচ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে যে উদ্যোক্তারা জায়গা দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা এখনো জমি দান করেননি। বিদ্যালয়ের বর্তমান সভাপতি ফরিদ আহমদ বলেন, ‘এটা তৎকালীন উদ্যোক্তাদের একটা অমানবিক প্রতারণা। আমি চেষ্টা করব ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে এ ব্যাপারে কোনো সহায়তা করতে।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান বলেন, এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।