কৃষি উপকরণ সহায়তার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জে কৃষি উপকরণ সহায়তা কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম হচ্ছে। উপজেলার বালিজুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কমকর্তা ও তাঁর ছেলে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কৃষকদের কাছ থেকে ১০০-২৫০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বালিজুড়ি ইউনিয়নের কয়েকজন কৃষক অভিযোগ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জুলফিকার হায়দার ও তাঁর ছেলে সম্রাট তালিকা করার নামে কৃষকদের কাছ থেকে টাকা নিচ্ছেন। নতুনদের নাম তালিকাভুক্ত করার জন্য ১০০-২৫০ টাকা করে নিয়েছেন। ইতিমধ্যে তাঁরা ৫০ জনের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জুলফিকার হায়দার বালিজুড়ি ইউনিয়নের ৮০০ জনের নাম নতুন করে কৃষি উপকরণ সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করার দায়িত্ব পেয়েছেন।
গতকাল শনিবার গাবের গ্রামের আহালী বেওয়াসহ অনেকেই জানান, টাকা না দিয়ে অনেক কৃষক তাঁদের নামের তালিকা করতে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা ও তাঁর ছেলে সম্রাটকে অনুরোধ জানান। কিন্তু তাঁরা টাকা ছাড়া কোনো কাজ করতে রাজি হননি। টাকা দিতে না পারায় অনেক প্রকৃত কৃষক তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন না। আহালী অভিযোগ করেন, তালিকায় নাম লেখানোর জন্য তিনি ও তাঁর ছেলে আলম উপসহকারী কৃষি কর্মকর্তার ছেলে সম্রাটকে ৫০০ টাকা দিয়েছেন।
শুভগাছা গ্রামের আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জুলফিকার হায়দারের কাছে নতুন করে কৃষি ভর্তুকির সুবিধাভোগীদের নামের তালিকা করার জন্য অনুরোধ করলে তিনি ছবির মূল্যসহ একেকজনের কাছে ১০০ টাকা করে চান। এ জন্য বাধ্য হয়ে তিনি ২০-২৫ জন কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে তুলে জুলফিকার হায়দারকে দেন।
জুলফিকার হায়দার বলেন, ‘অনেকের জমি নাই। তাঁরাও নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে বলছেন। কিন্তু সরকারি বিধান অনুযায়ী যাঁদের জমি নাই, তাঁদের নাম তালিকায় রাখা যাবে না। ওই কৃষকেরাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’ তাঁর ছেলে মো. সম্রাট দাবি করেন, অনেক লোকের তালিকা করার জন্য দুজনকে নিয়োগ করা হয়েছে। তাঁদের দেওয়ার জন্য দু-একজনের কাছ থেকে তাঁরা ২০০/১০০ টাকা করে নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, কোনো উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তালিকা করতে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। কোনো কৃষক লিখিত অভিযোগও করেননি।