কৃষি কর্মকর্তা প্রেমিক যুগল, একজনের মৃত্যুর পর অপরজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিপন শিকদার ও প্রীতিকণা বিশ্বাস। ছবি: সংগৃহীত
রিপন শিকদার ও প্রীতিকণা বিশ্বাস। ছবি: সংগৃহীত

রিপন শিকদার (২৭) ও প্রীতিকণা বিশ্বাস (২৪)। দুজনই ফরিদপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি বিষয়ে ডিপ্লোমা কোর্সে পড়তেন। একই প্রতিষ্ঠানে পড়ার কারণে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব থেকে তা রূপ নেয় প্রেমে। 

তবে এ প্রেমের সমাপ্তি হলো করুণ পরিণতির মধ্য দিয়ে। প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জের ধরে প্রীতিকণা জীবাণুনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৩ এপ্রিল। এর তিন দিন পর ২৬ এপ্রিল বাড়ির পাশের গাছে প্রেমিক রিপনের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

রিপন শিকদার মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের নির্মল শিকদারের ছেলে। আর প্রীতিকণা বিশ্বাস শ্রীপুর উপজেলার চিলগাড়ি গ্রামের অমল বিশ্বাসের মেয়ে।

রিপনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপন ডিপ্লোমা ডিগ্রি অর্জন করার পর তিন বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ে যোগ দেন। দুই বছর আগে মাগুরা সদরে বদলি হয়ে আসেন। অন্যদিকে পাস করার পর গত বছর মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন প্রীতিকণা।

দুজনের প্রেম সম্পর্কে দুই পরিবারই জানত। আসছে শ্রাবণে তাঁদের বিয়ের দিন ঠিক করে দুই পরিবার মিলে। এর মধ্যে মাস খানেক আগে প্রীতিকণার সঙ্গে প্রেমিক রিপনের মনোমালিন্য হয়। এ জের ধরে তিনি জীবাণুনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল মারা যান।

সহকারী পুলিশ সুপার (শালিখা ও মহম্মদপুর সার্কেল) আবির শুভ্র প্রথম আলোকে বলেন, প্রেমিকা প্রীতিকণার মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েন রিপন। দুজনের মধ্য ঝগড়া হলে রিপন প্রীতিকণার মুঠোফোন নম্বরটি ব্লক করে দিয়েছিলেন। ওই সময় ক্ষোভে প্রীতিকণা জীবাণুনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকায় মারা যান। প্রীতিকণার মৃত্যুর জন্য রিপন হয়তো নিজেকে দায়ী ভেবে অপরাধবোধে ভুগছিলেন। প্রীতিকণা মারা যাওয়ার তিন দিন পর গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মহম্মদপুরের রাজাপুর গ্রামের বাড়ির পাশে মাঠের মধ্যে একটি গাছে রিপনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ সময় তাঁর পকেট থেকে একটি চিরকুট উদ্ধার হয়। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ও জান, আমাকে ক্ষমা করো।’

সহকারী পুলিশ সুপার জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রিপনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরদিন শুক্রবার দুপুরে স্থানীয় শ্মশানে রিপনের শেষকৃত্যানুষ্ঠান হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ ব্যাপার জানতে রিপনের বাবা নির্মল শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রিপন আর প্রীতিকণার ভালোবাসার সম্পর্ক আমরা দুই পরিবারই জানতাম। ওরা যখন ফরিদপুরে পড়ত, তখনই ওদের মধ্যে সম্পর্ক হয়। আগামী শ্রাবণ মাসে আমরা ওদের বিয়ের দিনও ঠিক করেছিলাম। কিন্তু কেন তাঁরা দুজন মৃত্যুর পথ বেছে নিল তা আমরা কেউ বুঝতে পারছি না। তবে শুনেছি, রিপনের সঙ্গে প্রীতিকণার মনোমালিন্য হয়েছিল।’