কৃষি কর্মকর্তার অনিয়মের প্রমাণ মিলেছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামালের বিরুদ্ধে সবজির বীজতলা (বেড) তৈরিতে বরাদ্দ দেওয়া অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
ইউএনওর কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত মার্চে উপজেলার কানাইনগর বিলে সবজির বেড স্থাপন করতে কৃষি কর্মকর্তাকে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় উপজেলা পরিষদ। সেখানে কচুরিপানা দিয়ে ৩০টি বেড স্থাপন করার কথা। তবে কৃষি কর্মকর্তা কোনোরকমে সবজির বেড নির্মাণ করে বরাদ্দের বেশির ভাগ টাকা আত্মসাৎ করেছেন বলে গত ১০ আগস্ট ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন কানাইনগর গ্রামের কৃষক মো. হানিফা। ইউএনও উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলমকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। অভিযোগের তদন্ত করে তিনি গত রোববার একটি প্রতিবেদন দেন। প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৩৬টি বেড নির্মাণ করতে দেড় হাজার করে ৫৪ হাজার টাকা ব্যয় করেছেন কৃষি কর্মকর্তা, যেখানে ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ২৬ হাজার টাকা। সবজির বেড রক্ষা করতে নামমাত্র বাঁশ ব্যবহার করেছেন তিনি। বেড পরিচর্যার জন্য ২৪ হাজার টাকা ব্যবহার করার কথা থাকলেও কোনো পরিচর্যাই হয়নি। তদন্তকারী কর্মকর্তা এতে মন্তব্য করেন, বরাদ্দকৃত অর্থের এক লাখ ২০ হাজার টাকার কোনো কাজ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘সাইনিং মানি হিসেবে তৎকালীন ইউএনওকে পাঁচ হাজার টাকাসহ অন্যান্য অফিসে বেশ টাকা খরচ হয়েছে, যা বরাদ্দকৃত টাকা থেকে ব্যয় করা হয়েছে। আর বেডগুলো মৌসুম শুরুর আগেই নির্মাণ করার কারণে প্রাকৃতিক দুর্যোগের মুখে অনেক বেডই নষ্ট হয়ে যাওয়ার কারণে পরে কোনো পরিচর্যা করা হয়নি।’
উপজেলা প্রকৌশলী বলেন, সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্তে বরাদ্দের টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে বলে প্রমাণিত হয়েছে।