কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা আতঙ্কে শিক্ষার্থীরা
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ১৩টি শূন্য পদ পূরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জের ধরে গত শনিবার রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনার জেরে একই দিন গভীর রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হলে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ, দলীয় কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে শহরের শিববাড়ী সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা চলছিল। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের ১৩টি শূন্য পদ পূরণ করা নিয়ে চূড়ান্ত আলোচনা হচ্ছিল।
এ সময় কার্যালয়ের বাইরে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হকের পক্ষের কর্মীরা মেয়রের পক্ষে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ের বাইরে কয়েকটি ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, মৃত্যুজনিত কারণসহ বিভিন্ন কারণে জেলা আওয়ামী লীগের ১৩টি পদ শূন্য হয়। আগামী ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা থাকায় গত শনিবার বর্ধিত সভায় একটি ছাড়া ১২টি পদ পূরণ করা হয়।
সভায় একজন জ্যেষ্ঠ নেতা ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হকের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারসহ বেশ কয়েকজন সমর্থন করলেও অন্য নেতারা মেয়রের বিপক্ষে অবস্থান নেন। এতে তিনি কোনো পদে অন্তর্ভুক্ত হতে পারেননি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে বহিরাগত সন্ত্রাসীরা একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকে। পরে তারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রধান ফটকের সামনে গিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হলের দুজন কর্মচারী প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। সন্ত্রাসীরা ১০ মিনিট তালা ভাঙার চেষ্টা করে চলে যায়।