কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিমল কান্তি বিশ্বাস (৫৫) ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের শাহজাহান রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় পরিমল বিশ্বাসকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক।
চিকিৎসাধীন অবস্থায় পরিমল বিশ্বাস সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে পোস্ট অফিস থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা তোলেন। তিনি ওই টাকা হাতব্যাগে নিয়ে একটি রিকশায় করে তা সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় জমা দিতে যাচ্ছিলেন। রিকশাটি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনে পৌঁছালে দুই পাশ থেকে দুটি মোটরসাইকেলে তিন যুবক তাঁর রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে গুলি করে তাঁর হাতব্যাগসহ ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাঁর ডান হাঁটুর ওপরে গুলি লাগে। পরে রিকশাচালকই তাঁকে হাসপাতালে নিয়ে যান।