কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ছয় লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখায় গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। চোরেরা ব্যাংকের ভল্ট ভেঙে ৬ লাখ ২৬ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাতেই ব্যাংকের তিনজন প্রহরীকে আটক করেছে।
পুলিশ ও কৃষি ব্যাংক শাখা সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ব্যাংকের একজন নিরাপত্তাকর্মীর ফোন পেয়ে কৃষি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক নাজমুল ইসলাম ব্যাংকে ছুটে যান। তিনি ব্যাংকের ভেতরে ব্যবস্থাপকের কক্ষের পেছনের দিকের জানালার গ্রিল কাটা এবং ভল্টের তালা ও এ কক্ষে ঢোকার কলাপসিবল গেট ভাঙা দেখতে পান। জেলা শহরের শমশেরনগর সড়কে ব্যাংকটির শাখা কার্যালয় অবস্থিত।
শাখা ব্যবস্থাপক নাজমুল ইসলাম গতকাল বুধবার বলেন, ভল্ট থেকে চোরেরা ৬ লাখ ২৬ হাজার টাকা নিয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। এ সময় দায়িত্বরত প্রহরী ব্যাংকে ছিলেন না। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কৃষি ব্যাংক মৌলভীবাজার শাখার নিরাপত্তাকর্মী মুজাহিদুল ইসলাম, শফিক মিয়া ও মনসুর আহমদকে পুলিশ আটক করেছে।
চুরির ঘটনায় মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক কারও নাম উল্লেখ না করে মৌলভীবাজার সদর মডেল থানায় গতকাল মামলা করেছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক বলেন, গ্রিল কাটার ধরন দেখে মনে হচ্ছে চোর ব্যাংকের ভেতরেই ছিল। চুরি করার পর ভেতর থেকে গ্রিল কেটে বাইরে গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলার তদন্ত চলছে।