কৃষি ব্যাংকের সাবেক এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ
কৃষি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
আজ রোববার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার উপপরিচালক সেলিনা আখতার।
দুদক সূত্র জানায়, কৃষি ব্যাংকের এজিএম এজহারুল হক ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া অন্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগও রয়েছে ওই এজিএমের বিরুদ্ধে।
এসব অভিযোগ অনুসন্ধানে ব্যাংকের সাবেক এমডি মো. মোক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ব্যবসায়ী ওয়াহিদুর রহমানকে ঋণ দেওয়ার নামে ১৫২ কোটি টাকা লোপাটের ঘটনায় মোক্তারকে আরেকবার জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী।