কৃষি ব্যাংকের সাবেক এমডিসহ পাঁচজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোক্তার হোসেনসহ পাঁচ সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক জুলফিকার আলী আজ রোববার বেলা ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। এঁরা হলেন সাবেক এমডি মোক্তার হোসেন, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জয়নাল আবেদীন, সাবেক মহাব্যবস্থাপক (অপারেশন) মাসুদ আহমেদ খান, সাবেক উপমহাব্যবস্থাপক গোলাম সারোয়ার ও সাবেক সিআরএম জোবায়ের মঞ্জুর।

দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেন। পরে তিনি চিকিৎসার নামে সিঙ্গাপুর পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কৃষি ব্যাংক থেকে তাঁর নেওয়া ঋণের পরিমাণ প্রায় দেড় শ কোটি টাকা।