কৃষিঋণের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষকদের জাতীয় পরিচয়পত্র ও তাঁদের ছবি সংগ্রহ করে নীলফামারীর সৈয়দপুর শাখার উত্তরা ব্যাংক থেকে অর্ধকোটি টাকা কৃষিঋণ তুলে প্রতারক চক্র আত্মসাৎ করেছে। কৃষকদের নামে ঋণ পরিশোধের নোটিশ ব্যাংক থেকে দেওয়ায় এ ঘটনা প্রকাশ পায়। এ নিয়ে কৃষকেরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে কোনো ঋণ গ্রহণ করেননি অভিযোগ দিলে কয়েক দফা সালিস বৈঠকের পরও বিষয়টির সুরাহা হয়নি।
একাধিক কৃষক কান্নাজড়িত কণ্ঠে ওই অভিযোগ করেন। তারাগঞ্জের অনন্তপুর গ্রামের মশিস উদ্দিন, ফজলু হক, শেরপুর গ্রামের লিয়াকত আলী, পূর্বকুশা মাছুয়াপাড়া গ্রামের গজেন্দ্রনাথ, রবেন বর্ষসহ একাধিক কৃষক বলেন, ‘আমাদের ভোটার আইডি কার্ড ও ছবি সংগ্রহ করে কে বা কারা ২০১১-১২ সালে উত্তরা ব্যাংক সৈয়দপুর শাখা থেকে ৫০ হাজার টাকা করে উত্তোলন করেন। আমরা কোনো দিনও উত্তরা ব্যাংকে যাইনি বা কোথায় তা অবস্থিত, তা-ও বলতে পারব না। কয়েক দিন আগে উত্তরা ব্যাংক সৈয়দপুর শাখা থেকে ঋণ পরিশোধের নোটিশ দেওয়ায় আমরা বিষয়টি জানতে পারি। ওই নোটিশে ৫০ হাজার টাকা কৃষিঋণের কথা উল্লেখ করা হয়েছে, যা এখন সুদে-আসলে ৭০-৭২ হাজার টাকা হয়েছে। শুধু আমরাই নই, তারাগঞ্জের শতাধিক কৃষক ওই ব্যাংকের নোটিশ পেয়ে দিশাহারা হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির কাছে অভিযোগ করেছেন।’
তাঁরা আরও বলেন, একটি প্রতারক চক্র সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার যোগসাজশে কৃষকদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবি সংগ্রহ করে এই টাকা উত্তোলন করে। নোটিশ পাওয়া অধিকাংশ কৃষক দাবি করেন, কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আফজাল হোসেন ও একই ইউনিয়নের শেরপুর গ্রামের মাহমুদুল হোসেন বিভিন্ন অজুহাতে তাঁদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবি নেন।
কুর্শা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আফজালুল হক বলেন, ‘কৃষকেরা নোটিশ পাওয়ার পর আমাকে বিষয়টি জানান। পরে আমি কৃষক ও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করি। কিন্তু এখনো বিষয়টি সুরাহা হয়নি।’ এ ব্যাপারে আফজাল ও মাহমুদুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দপুর শাখা উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, ‘আমি চার মাস হলো এখানে এসেছি। তাই বিষয়টি ভালো জানি না। শুধু জেনেছি, ২০১১-১২ সালে তারাগঞ্জের কিছু কৃষককে কৃষিঋণ দেওয়া হয়েছিল, যা পরিশোধে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর ওই কৃষকেরা বলেন, তাঁরা কৃষিঋণ নেননি। আমরা কৃষকদের লিখিত অভিযোগ গ্রহণ করেছি। জামিনদার শনাক্ত করার চেষ্টা চলছে।’