কৃষিজমি ও জনবসতি এলাকায় ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে কৃষিজমি ও জনবসতি এলাকায় ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটা মালিক সমিতি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিদের ‘ম্যানেজ’ করে ইটভাটাগুলো চালু রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখায় ইটভাটার হালনাগাদ তালিকার তথ্য ঘেঁটে দেখা যায়, উপজেলায় চলতি বছর ১৮টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে মাত্র ৬টি আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ও ১২টি স্থায়ী চিমনির ইটভাটা। হাইকোর্টে রিট পিটিশন ও আইন অমান্য করে ইটভাটা স্থাপন করায় মিঠাপুর ইউনিয়নের মিঠাপুরে অবস্থিত মেসার্স আলফালা ইটভাটাটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনার কথা এখানে উল্লেখ করা আছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ ইটভাটা কৃষিজমি ও জনবসতি এলাকায় গড়ে উঠেছে। এসব ইটভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে।
মিঠাপুর ইউনিয়নের মিঠাপুরে অবস্থিত মেসার্স আলফালা ইটভাটা থেকে মাত্র ৫০ গজ দূরেই বাড়িঘর। এই ইটভাটা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ থাকলেও তা করা হয়নি। এই ইটভাটা-সংলগ্ন বাড়ির মালিক শহিদুল ইসলাম বলেন, ইটভাটার কারণে তাঁর আটটি সুপারিগাছ নষ্ট হয়ে গেছে। মাঠের ফসলেরও ক্ষতি হচ্ছে। বিষয়টি তাঁরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু কোনো ফল পাননি।
নির্দেশনা থাকা সত্ত্বেও ইটভাটাটি কেন অন্যত্র সরিয়ে নেননি, এমন প্রশ্নের জবাবে আলফালা ইটভাটার মালিক এনামুল কবীর বলেন, ‘আইন মেনেই ইটভাটা করেছি। কেউ আমার ওপর বিরাগভাজন হয়ে এ কাজ করিয়েছেন।’
নাম প্রকাশ না করার শর্তে ৮-১০টি ইটভাটার মালিকেরা বলেন, প্রতিবছর ইটভাটা চালুর পরপরই উপজেলা ইটভাটা মালিক সমিতিকে তাঁদের মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। এ ছাড়া তাঁরা উপজেলা প্রশাসনকে বিভিন্ন দিবসে মোটা অঙ্কের চাঁদা দিয়ে সহায়তা করেন। উপজেলা কর্মকর্তাদের ক্লাব সংস্কারের জন্য তাঁদের কাছে ইট দাবি করা হয়। কয়েক মাস আগে তাঁরা ইট দিয়েছেন। কিছু ইট এখন উপজেলা পরিষদ চত্বর এলাকায় খামাল দিয়ে রাখা হয়েছে।
গত রোববার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সেখানে একটি খামালে কয়েকটি ইটভাটার ইট দেখা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভীন অভিযোগ করেন, কৃষিজমিতে ইটভাটা গড়ে তোলা হচ্ছে—এ বিষয়টি কৃষি-সংক্রান্ত জেলা ও উপজেলা কমিটির সভায় একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত বলেন, ‘ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে বলে শুনেছি। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’