কৃষিজমি থেকে বালু তোলার প্রমাণ পেল তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচরের আলগারচরের কৃষিজমি থেকে বালু তোলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাই ইজারা বাতিলসহ ইজারাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করে গত ২৩ জুলাই জেলা প্রশাসককে একটি প্রতিবেদন দিয়েছেন ওই কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এ ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দুজন লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে গত ২৪ জুন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ঢাকা দক্ষিণ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও গত ২ জুলাই বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের কৃষক মো. হেলাল মিয়া অভিযোগ দেন। অভিযোগ তদন্ত করতে সহকারী কমিশনারকে গত ৬ জুলাই একটি চিঠি দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশারফ হোসেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই সহকারী কমিশনার মামুন সরদার বাহেরচরের আলগারচর ও মেঘনা নদীর পাশে কানাইনগর পাওয়ার গ্রিডের নির্মাণাধীন টাওয়ার এলাকা পরিদর্শন করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাঞ্ছারামপুর উপজেলার ৭৫ একর আয়তনের বাহেরচর ও কানাইনগর বালুমহালটি দুটি অংশে বিভক্ত। এর মধ্যে ৫০ একর বাহেরচর এবং ২৫ একর কানাইনগর অংশে পড়েছে। বাহেরচর অংশের আলগারচর এলাকায় বাহেরচর গ্রামের মানুষের ভোগদখলীয় জমি আছে। আলগারচর থেকে ইজারাদারের (মেসার্স মামুন এন্টারপ্রাইজ) নাম ব্যবহার করে ড্রেজারের মাধ্যমে দুর্বৃত্তরা বালু তুলছে। এতে আলগারচরের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য কৃষিজমিতে ব্যাপক ভাঙন ও এলাকায় জনরোষের সৃষ্টি হয়েছে। এ কারণে মেসার্স মামুন এন্টারপ্রাইজের ইজারা বাতিল এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। অপর দিকে কানাইনগর অংশের ২৫ একরের পাশে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির টাওয়ার অবস্থিত। টাওয়ারের নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রেখে চৌহদ্দির (সীমানার) ভেতর থেকে বালু উত্তোলনের নির্দেশ দেওয়া যেতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, ‘বালু উত্তোলনের চুক্তির শর্ত ভেঙে বাহেরচরের আলগারচর এলাকার কৃষিজমি থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মহোদয়কে একটি প্রতিবেদন দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন বলেন, ‘বালুমহালের বিষয়ে এসিল্যান্ডের (সহকারী কমিশনার) তদন্ত প্রতিবেদন ডিসি স্যারের কাছে পাঠানো হয়েছে। ’