কৃষিজমিতে ইটভাটা নির্মাণ, জমি ইজারা নিতে চাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার কাদোয়া গ্রামে আইন লঙ্ঘন করে এক ব্যক্তি কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন। তিনি ইটভাটা নির্মাণের জন্য কৃষকদের ওপর চাপ সৃষ্টি করে জমি ইজারা দিতে বাধ্য করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
ওই ইটভাটাটি নির্মাণ বন্ধের দাবিতে ৩০ জন কৃষক গত বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া জমি ইজারা নিতে চাপ সৃষ্টি করায় এক ব্যক্তি পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের বাইপাস সড়কসংলগ্ন কাদোয়া গ্রামের ফসলি জমিতে রায়হান আলম নামের এক ব্যক্তি ইটভাটা নির্মাণ করছেন। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গত জুলাই থেকে তিনি ভাটা নির্মাণ শুরু করেন। ইটভাটার জন্য আশপাশের জমির মালিকদের কাছ থেকে তিনি জমি ইজারা নিচ্ছেন। যাঁরা ইজারা দিতে চাইছেন না, তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কাদোয়া ও ইকরকুঁড়ি গ্রামের মধ্যবর্তী স্থানে মাঠজুড়ে আমনের চারা। মাঝখানে প্রায় দুই একর জায়গাজুড়ে ধানখেত নষ্ট করে ইটভাটা তৈরির প্রক্রিয়া চলছে। বাঁশের খুঁটি পুঁতে ও ইট স্তূপ করে ভাটার জায়গা চিহ্নিত করা হয়েছে। শ্রমিকদের থাকার জন্য ঘর তৈরি করা হয়েছে।
কৃষকেরা বলেন, এখানে ইটভাটা করলে অন্তত ১০ একর জমির ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। আরও ২০ থেকে ৩০ একর জমিতে উৎপাদন ব্যাহত হবে।
কৃষক নূর ই আলম, সানাউল্লাহ হক, এমদাদুল হক, জসিম উদ্দীনসহ ১০-১২ জন বলেন, ওই মাঠে রায়হান আলমের চার থেকে পাঁচ বিঘা জমি রয়েছে। একটি ইটভাটা করতে অন্তত ২১ বিঘা জমি দরকার হয়। বাকি জমি ক্রয় বা ইজারা নেওয়ার জন্য তিনি সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।
পার-নওগাঁ এলাকার বাসিন্দা মৌরিন আহসান বলেন, ‘ওই মাঠে আমার পৈতৃক সূত্রে পাওয়া ও ইজারা নেওয়া সাত বিঘা জমি রয়েছে। গত মঙ্গলবার রায়হানের লোকজন আমার জমিতে মাটি ফেলতে শুরু করে। ইটভাটায় গাড়ি যাওয়ার রাস্তা তৈরির জন্য ওই জমি তিনি আমার কাছ থেকে ইজারা নিতে চান। আমি দিতে না চাইলে রায়হানের ভাড়া করা সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দেয়। বাধ্য হয়ে আমি পুলিশের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেছি।’
রায়হান আলম বলেন, কারও কাছ থেকে জোর করে জমি ইজারা কিংবা কিনে নেওয়া হচ্ছে না। যে অভিযোগ করা হয়েছে, তার ভিত্তি নেই। আর তিনি ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কাছে আবেদন করেছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার আহ্বায়ক মর্তুজা গোলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কখনোই ইটভাটা নির্মাণ করা যাবে না। ইট পোড়ানো ও ইটভাটা প্রস্তুত আইন-২০১৩ অনুযায়ী কৃষিজমি, আবাসিক ও বনাঞ্চল এলাকায় পরিবেশ অধিদপ্তর ইটভাটার জন্য ছাড়পত্র দিতে পারবে না।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, ‘এ বিষয়ে কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। সেখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে—এমন তথ্য প্রশাসনের কাছে ছিল না। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে কৃষিজমিতে ইটভাটা করার অনুমতি দেওয়া হবে না।’