কৃষিজমির মাটি কাটার মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ও সনমান্দি ইউনিয়নে নির্বিচারে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। কৃষকেরা বলছেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা জোরপূর্বক মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন।
ভুক্তভোগী কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, জামপুর ও সনমান্দি ইউনিয়নের কৃষকদের নামমাত্র মূল্য দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। আবার অনেককে ভয়ভীতি ও হুমকি দিয়ে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এসব মাটি সরাসরি চলে যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়। প্রশাসনের চোখের সামনে মাটিসন্ত্রাস হলেও ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জড়িত বলে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। কয়েক বছর ধরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে। প্রশাসন লোক দেখানো অভিযান করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তিন ফসলি জমিকেও পুকুর বানাচ্ছে মাটিসন্ত্রাসীরা।
অনুসন্ধানে জানা যায়, জামপুর ইউনিয়নের পাকুন্দা, কাহেনা, পেচাইন, কান্দাপাড়া, রাউতগাঁও, সিংলাব, গজারিয়াপাড়া, পেরাব, বাগবাড়িয়া, বস্তল, শ্যামপুর, কালারটেক, কলতাপাড়া, বাসাবো, মরিচটেক গ্রামের ফসলি জমির মাটি নিচ্ছেন যুবলীগের নেতা সোহরাব রুস্তম, সাগর চৌধুরীসহ আওয়ামী লীগের স্থানীয় ১৫-২০ জন নেতা-কর্মী। আর সনমান্দি ইউনিয়নের মারবদী, কান্দাপাড়া, নোয়াকান্দি, ছনকান্দা, ফতেপুর, কাফাইকান্দা ও সোনারকান্দি গ্রামের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন শওকত মিয়াসহ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
গতকাল বুধবার সকালে কান্দাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মাটি কেটে কৃষিজমিতে পুকুর বানিয়ে ফেলা হয়েছে। ট্রাক ও নছিমনে করে মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। স্থানীয় কৃষক জহির উদ্দিন ও নোয়াব হোসেন বলেন, জমির উপরিভাগের সব মাটি কেটে নেওয়া হচ্ছে। আবার অনেক জমি থেকে ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এর প্রতিবাদ করলে কৃষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাঁরা বলেন, এ বছর ইতিমধ্যে গ্রামের ৭০ বিঘা জমির মাটি লুট করা হয়েছে। এসব জমির মাটি কাটতে কৃষকদের বিঘাপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। আবার কাউকে কাউকে টাকা দেওয়া হচ্ছে না। আর ইটভাটায় প্রতি বিঘা জমির মাটি দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি করা হচ্ছে।
বস্তল ও পেচাইন গ্রামে দেখা যায়, অনেকগুলো খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। এসব মাটি ভাটায় নেওয়ার জন্য অর্ধশতাধিক ট্রাক ব্যবহার করা হচ্ছে। পেচাইন গ্রামে হানজালা মিয়া নামের এক ট্রাকচালক বলেন, এসব মাটি স্থানীয় এবিএম ব্রিকসসহ বিভিন্ন ভাটায় বিক্রি করা হচ্ছে। এবিএম ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক সাত্তার আজাদ বলেন, ‘ঠিকাদারদের কাছ থেকে আমরা ন্যায্যমূল্যে মাটি ক্রয় করি।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোহরাব রুস্তম ও সাগর চৌধুরী বলেন, ‘আমরা কৃষকদের ন্যায্যমূল্য দিয়েই মাটি কেটে বিক্রি করি। জোরপূর্বক মাটি কাটার প্রশ্নই আসে না।’ শওকত মিয়া বলেন, ‘আমরা ন্যায্যমূল্যে মাটি কিনছি।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া বলেন, ‘আমাদের দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত হলে তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, কৃষকেরা লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, কৃষকদের জমির মাটি কেটে নিয়ে যাঁরা বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।