শেরপুর জেলা সদরের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাসহ নানা অভিযোগ আনা হয়েছে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বিরুদ্ধে। শেরপুর জেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে।
শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এত দিন বিষয়টি দলের শীর্ষ পর্যায়ে জানানো হয়নি। কিন্তু এখন প্রধানমন্ত্রীকে লিখিতভাবে সব জানানো হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান, শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. খোরশেদুজ্জামান, খন্দকার নজরুল ইসলাম ও মো. ফখরুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েজীদ হাসান।
কৃষিমন্ত্রীকে উদ্দেশ করে আতিউর রহমান বলেন, মতিয়া চৌধুরী সরকারের একজন সফল মন্ত্রী। বারবার অনুরোধ জানানোর পরও তিনি শেরপুর সদরে আসেন না, বাইরে থেকে কলকাঠি নাড়েন। তাঁর বিমাতাসুলভ আচরণের কারণে শেরপুর সদর দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনীতিতে।
আতিউর রহমানের অভিযোগ, মতিয়া চৌধুরী নিরুৎসাহিত করায় শেরপুরে মেডিকেল কলেজ হয়নি। শুধু তা-ই নয়, শেরপুর শহর বাইপাস প্রকল্প, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), শেরপুর কর্মজীবী মহিলা হোস্টেল জেলা সদরে না হয়ে নকলা ও নালিতাবাড়ী উপজেলায় হয়েছে। এ ছাড়া শেরপুরের অর্থনীতি কৃষিনির্ভর হলেও তিনি কৃষি মন্ত্রণালয়ের অনেক উন্নয়ন প্রকল্প থেকে শেরপুর সদরের নাম বাদ দিয়েছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মতিয়া চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কখনোই শেরপুরের প্রতি বিমাতাসুলভ আচরণ করেননি। শেরপুরে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতু থেকে শুরু করে আলু হিমাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তিনি প্রয়োজনীয় ভূমিকা রেখেছেন। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ব্রহ্মপুত্র সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সাংসদ আতিউর রহমান আসেননি। কিন্তু ওই সময়ে গ্রেপ্তারের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ঠিকই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৯৯১ সালে নির্মিত শেরপুর-ঢাকা সড়কের নকশা অনুযায়ী শহর বাইপাস প্রকল্প নকলা উপজেলা সদরের পাশ দিয়ে নির্মিত হয়েছে।
কৃষিমন্ত্রী আরও বলেন, শেরপুর-১ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) এলাকা তাঁর নির্বাচনী এলাকার বাইরে। এখানে দুজন দায়িত্ববান ও কর্মঠ সাংসদ আছেন। তাই তাঁদের কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চান না বলেই তিনি সদরে যান না।