কৃষিমন্ত্রীর ভাগনেসহ দুজনের লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক কৃষক ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক তরুণ খুন হয়েছেন। এদিকে শেরপুরের নকলা উপজেলায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ভাগনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের কৃষক আবদুস ছাত্তার (৪৫) গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। ছাত্তার ওই গ্রামের শহর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছাত্তার বাড়ি থেকে বের হয়ে হিরণপুরের দিকে যাচ্ছিলেন। বাদপুর সেতুর কাছে পৌঁছালে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে রামদা দিয়ে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে পালিয়ে যান। ঘটনাস্থলেই ছাত্তার মারা যান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ছাত্তারকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার রাতে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে মো. শওকত আলী (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ মোবারক হোসেন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং নিহত ব্যক্তির পারিবার সূত্রে জানা গেছে, ৬০ শতাংশ আয়তনের একটি জমি নিয়ে সৈয়দটুলা গ্রামের ফল ব্যবসায়ী আবদুল বাতেনের সঙ্গে একই গ্রামের আবদুল হাইয়ের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে উপজেলা শহরের ফলের দোকান বন্ধ করে আবদুল বাতেন (৩০) ও তাঁর ছোট ভাই শওকত আলী রিকশায় করে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছার পর বাতেন মুদির দোকানে কিছু মাল কিনতে যান। শওকত একটি চায়ের দোকানে অপেক্ষা করতে থাকেন। এ সময় আবদুল হাইয়ের মেয়ের স্বামী মোর্শেদ মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন যুবক শওকতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন হামলায় অংশ নেওয়া মোবারক হোসেন নামের এক তরুণকে আটক করে বেদম মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
শেরপুর: শেরপুরের নকলা পৌর শহরের ইশিবপুর উত্তর বাজারের বাসা থেকে বুধবার রাতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ননদের ছেলে মো. দেলোয়ার হোসেনের (৪৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দেলোয়ার পেশায় একজন ব্যবসায়ী। তিনি নকলা ইশিবপুর উত্তর বাজারের মো. বদিউজ্জামানের ছেলে। পুলিশের ধারণা, দেলোয়ার আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নানা বিষয় নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত মঙ্গলবার দুপুরে তিনি তাঁর বাসায় এসে শয়নকক্ষে যান। এরপর আর ওই কক্ষ থেকে বের হননি তিনি। বুধবার রাতে দেলোয়ারের স্ত্রী লিপি বেগম অনেক ডাকাডাকি করার পরও সাড়া না পেয়ে বিষয়টি পরিবারের সবাইকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর নকলা থানার পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা দেলোয়ারের লাশটি উদ্ধার করে। নকলা থানার ওসি মো. গোলাম হায়দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেলোয়ার আত্মহত্যা করেছেন। এ ঘটনায় দেলোয়ারের বড় ভাই মাহবুবুল আলম নকলা অপমৃত্যুর মামলা করেছেন।
সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রাম থেকে গতকাল পুলিশ হালিমা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার ও হালিমার স্বামী আল-আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন হালিমা বেগম। সকালে ঘুম থেকে উঠে আল-আমিন আশপাশের লোকজনকে জানান, তাঁর স্ত্রী মৃগিরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তখন আল-আমিনের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হালিমার মা একই গ্রামের কুলসুম বেগম বাদী হয়ে আল-আমিনসহ তিনজনকে আসামি করে বিশ্বম্ভরপুর থানায় হত্যা মামলা করেছেন।