কৃষির জন্য রেলের জমি ইজারা নিয়ে বালুমহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিকাজে ব্যবহারের জন্য চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় রেলওয়ের জায়গা ইজারা নিয়ে গড়ে তোলা হয়েছে বালুমহাল। অবৈধ এই বালুমহাল উচ্ছেদে ইজারাদারকে কয়েক দফা নোটিশও দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু রেলওয়েই তা কার্যকর করছে না বলে অভিযোগ উঠেছে।
রেলওয়ে সূত্র জানায়, গত ২৩ আগস্ট কালুরঘাট সেতুর পশ্চিম পাশে রেলওয়ের জায়গা থেকে কয়েকটি অবৈধ বালুমহাল উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন বেদখল থাকা রেলওয়ের ৪৪০ বর্গফুট জমি উদ্ধার করা হয়। কিন্তু সেখানে ১৮ শতক জায়গা কৃষিকাজের জন্য ইজারা নিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি বালুমহাল উচ্ছেদ করা হয়নি। কামাল উদ্দিন নামের এক ব্যক্তি ওই জায়গা ইজারা নিয়েছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, গত ১২ মে কামাল উদ্দিনকে প্রথম দফায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘রেলওয়ের মালিকানাধীন ৭ হাজার ৭০০ বর্গফুট বা দশমিক ১৮ একর ভূমি অবৈধভাবে দখল করে তাতে বালু ব্যবসা পরিচালনা করছেন। আগে অনেকবার বলা সত্ত্বেও আপনি এই ব্যবসা বন্ধ করেননি। সাত দিনের মধ্যে যদি রেলওয়ের ভূমির দখল ছেড়ে না দেন তাহলে উচ্ছেদ করে সকল মালামাল বাজেয়াপ্ত করা হবে।’ এরপর ৩১ মে তাঁকে আবারও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। তাতে ৫ জুন উচ্ছেদ কার্যকর করার কথা উল্লেখ ছিল। কিন্তু উচ্ছেদ কার্যকর করা হয়নি।
জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, ‘আমরা তাঁকে (কামাল উদ্দিন) উচ্ছেদের নোটিশ দিয়েছিলাম। কিন্তু তখন ফোর্স পাইনি বলে করতে পারিনি। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া বালুমহালগুলো ২৩ আগস্ট উচ্ছেদ করেছি। আর আশপাশে যারা কৃষি লাইসেন্স নিয়ে বালু ব্যবসা করছেন, শিগগির তাঁদেরও উচ্ছেদ করব।’ তিনি বলেন, কামাল উদ্দিন কৃষিকাজে ব্যবহারের কথা বলে ওই জমিতে বালু ব্যবসা করছেন। এটা তিনি করতে পারেন না।
অভিযোগের বিষয়ে কামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে কৃষি লাইসেন্স রয়েছে। আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে। আমাকে ভুলে উচ্ছেদ নোটিশ দিয়েছিল। যাঁরা অবৈধ তাঁদের উচ্ছেদ করা হয়েছে।’ কৃষি লাইসেন্স নিয়ে বালু ব্যবসা কীভাবে করছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে বালু ব্যবসা করছি সেটা রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিছু কাগজপত্রও আছে।’
এ বিষয়ে ইশরাত রেজা বলেন, কাউকে ভুলে নোটিশ দেওয়া হয়নি। কাগজপত্র যাচাই-বাছাই করে নোটিশ দেওয়া হয়েছে।