কৃষিশ্রমিক সেজে শিশুকে অপহরণ, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক গৃহস্থের বাড়িতে পাটখেতের আগাছা পরিষ্কারের কাজ নেন চারজন কৃষিশ্রমিক। এরপর গৃহস্থের শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটিকে উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলন করেন। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকইদীঘি গ্রামের নূরুল ইসলাম (৩৩) ও উপজেলার তাড়াশ গ্রামের রাশেদুল ইসলাম (৩২)।

উদ্ধার হওয়া শিশুর নাম বাঁধন হোসেন। সে হরিরামপুরের ইজদিয়া গ্রামের আসলাম শেখের ছেলে। সে স্থানীয় সাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফেরার পথে বাঁধনকে অপহরণ করেন নূরুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজন। বেলা আড়াইটার দিকে আসলামের মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন নূরুল। তিন দিনের মধ্যে মুক্তিপণের টাকা দিতে না পারলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই দিন বিকেলে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার তাড়াশ গ্রাম থেকে নূরুলের মামাতো ভাই রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর (রাশেদুল) দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় নূরুলকে গ্রেপ্তার ও বাঁধনকে উদ্ধার করেন মানিকগঞ্জের ডিবির সদস্যরা।