কেউ অফিস করেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়ির পাশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, সেবা নিতে করবেন না অবহেলা। সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত’। নওগাঁর বদলগাছির মিঠাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দেয়ালে বড় বড় অক্ষরে কথাগুলো লেখা রয়েছে। কিন্তু ঘটছে উল্টো চিত্র। অধিকাংশ দিনই এখানে কাউকে পাওয়া যায় না। আর গত বুধবার তো কেউ অফিসেই আসেননি।
ওই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে প্রায়ই লোকজনকে বিনা চিকিৎসায় ফিরে আসতে হচ্ছে। এতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গত বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মূল ফটক খোলা। ভেতরের সবগুলো কক্ষেই তালা ঝুলছে। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ভিজিটর, প্রহরী, মাঠকর্মী কেউই কার্যালয়ে আসেননি। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মূল ফটকের সামনে অপেক্ষা করছেন। অনেককে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে চলে যেতেও দেখা যায়। এ সময় মিঠাপুর পূর্বপাড়া গ্রামের সাহেদা বেওয়া (৬০) বলেন, ‘প্যাটত গ্যাস হওচে। ওষুধ লিবার অ্যাসে নয়টা থ্যাকে দুয়ার ধরে বসে আছি। ডাক্তার আয়ছে না।’ খাদাইল গ্রামের কমরউদ্দিন (৮৫) বলেন, ‘আমি কৃমির বড়ি নিতে এসে বসে আছি। এসে দেখি সামনের দুয়ার খোলা, ভেতরের সব দুয়ার বন্ধ। চার দিন ধরে এখানে আসা-যাওয়া করছি। কাউকে পাইনি।’ ভিনলী গ্রামের খাতুন বলেন, ‘মোর গাও চুলকাওছে। তাই ওষুধ লিবার আসিছি। সকাল নয়টা থ্যাকে বসে আছি।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই স্বাস্থ্য পরিবারকল্যাণ কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ভিজিটর, একজন মাঠকর্মী ও নৈশপ্রহরী রয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু অধিকাংশ সময় বন্ধ থাকে। প্রায় দিনই লোকজন চিকিৎসা নিতে এসে ফিরে যান। চিকিৎসা কর্মকর্তা কোনো দিন বেলা সাড়ে ১১টায় এসে আবার দুপুর ১২টার মধ্যে চলে যান। চিকিৎসা কর্মকর্তার স্বাস্থ্য পরিবারকল্যাণ কেন্দ্রে কোয়ার্টার রয়েছে। সেখানে বাইরের লোক এসে বসবাস করছেন। দফাদার আকবরের কাছে মূল ফটকের চাবি থাকে। তিনিই প্রতিদিন মূল ফটক খুলে দিয়ে চলে যান। তবে বুধবার সেখানে কেউ অফিসই করেননি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পাশেই কম্পিউটার কম্পোজের দোকানি রনি হোসেন বলেন, অধিকাংশ দিন চিকিৎসক বেলা সাড়ে ১১টায় এসে দুপুর ১২টার মধ্যেই চলে যান। এই কেন্দ্রের ওপর কারও নজর নেই।
মুঠোফোনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রর উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) আবু হেনা মোস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি পাহাড়পুর স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে আছি। সেখানে গিয়েছিলাম। তাই বুধবারে যেতে পারিনি।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে বলেন, সপ্তাহে ছয় দিন মিঠাপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র খোলা থাকে। সেখানকার স্যাকমো পাহাড়পুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্ব আছেন। এ কারণে হয়তো সেখানে যেতে পারেননি।