কেএফসি ও পিৎজা হাটের টাকা ছিনতাই
ঢাকার সাভারে কেএফসি ও পিৎজা হাটের প্রায় এক লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার পুলিশ ও পিৎজা হাট সাভার শাখার কর্মকর্তারা জানান, দিন ইসলাম নামে পিৎজা হাটের এক কর্মকর্তা দুপুরে আড়াই লাখ টাকা নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ব্যাংকের সাভার শাখায় যান। ওই ব্যাংকে ১ লাখ ৬৯ হাজার টাকা জমা রেখে বাকি টাকার নোট পরিবর্তনের জন্য পাশের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। মাহতাব প্লাজার সামনে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁদের একজন ব্যাগে থাকা ৮১ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান।
পিৎজা হাট সাভার শাখার ব্যবস্থাপক সুমন পাইক বলেন, ছিনতাই হওয়া টাকার মধ্যে তাঁর প্রতিষ্ঠানের টাকা ছিল ২১ হাজার ৫০০ টাকা আর ৬০ হাজার টাকা ছিল কেএফসির।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় একটি ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। তাদেরই কেউ এ কাজ করে থাকতে পারে। ইতিমধ্যে ওই চক্রের সব সদস্যকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।