কেওড়া বাগানের কাদায় প্রায় ৪ লাখ ইয়াবা

মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করা হচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে এমন তথ্য ছিল। এর ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় টহল জোরদার করা হয়। পরে কেওড়া বাগানের কাদা থেকে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পাচারকালে কেওড়া বাগানের কাদা মাটির ভেতরে লুকানো অবস্থায় প্রায় ৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ছবি: প্রথম আলো

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে কেওড়া বাগানের কাদা থেকে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার রাত আটটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জাদিমোরা ওমর খাল থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেন, রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হ্নীলার দমদমিয়া এলাকার জাদিমোরার ওমর খাল এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে—এমন তথ্য পায় বিজিবি। সেই সূত্র ধরে বিজিবির একটি দল ওই এলাকায় টহল জোরদার করে।

এই কর্মকর্তা আরও বলেন, ৩ থেকে ৪ জন ব্যক্তি মিয়ানমারের লালদিয়া থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে ঢুকে পড়েন। বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে কেওড়া বাগানের জঙ্গলের ভেতরে কাদায় পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যান তাঁরা। পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালালে পাঁচটি বস্তায় ৩ লাখ ৯০টি ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।