কেজিতে কমিশন আড়াই টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় চাল সংগ্রহে কেজিপ্রতি আড়াই টাকা কমিশন নেওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল সমিতির কুষ্টিয়ার কয়েকজন নেতার বিরুদ্ধে ওই কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ হাজার ১৬৬ মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলা থেকে ৩৫৭ জন মিলমালিকের কাছ থেকে কেনা হবে ৩ হাজার ৮৬৪ মেট্রিক টন চাল। এ ছাড়া মিরপুর থেকে ৮৩৫ মেট্রিক টন, ভেড়ামারা থেকে ৭৫ ও কুমারখালী থেকে ১৯৮ মেট্রিক টন, খোকসা থেকে ৬৩ মেট্রিক টন ও দৌলতপুর থেকে ১৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ইতিমধ্যে মিলমালিকেরা জামানতের টাকা ব্যাংকে জমা দিয়েছেন। সরকার চালের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ৩১ টাকা। ইতিমধ্যে মিরপুরে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বাকি উপজেলাগুলোতে আগামী দু-তিন দিনের মধ্যে তা শুরু হবে। ৩১ মার্চ চাল সংগ্রহ অভিযান শেষ হবে।

১৩ সদস্যের জেলা চাল সংগ্রহ মনিটরিং কমিটিতে রয়েছেন জেলা প্রশাসক সভাপতি, জেলা খাদ্য নিয়ন্ত্রক সদস্যসচিব, সুধীজন হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী, কৃষক প্রতিনিধি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম। এ ছাড়া কুষ্টিয়ার চারটি আসনের সাংসদদের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও চালকল সমিতির নেতারা রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার দুজন মিলমালিক বলেন, গত বোরো মৌসুমে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা চাপ দিয়ে তাঁদের কাছ থেকে প্রতি কেজিতে ২ টাকা কমিশন নিয়েছিলেন। এবার আমন মৌসুমে ৫০ পয়সা বাড়িয়ে আড়াই টাকা আদায় করা হচ্ছে। যাঁরা কমিশন দিতে দেরি করবেন, তাঁদের বরাদ্দ বাতিল করে যাঁরা কমিশন দেবেন, তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বাধ্য হয়ে তাঁদের কমিশন দিতে হচ্ছে।

সদর উপজেলায় সবচেয়ে বেশি চালকল খাজানগর এলাকায়। সেখানকার কয়েকজন চালকলের মালিক বলেন, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল সমিতির কুষ্টিয়ারসাধারণ সম্পাদক জয়নাল আবেদিন পুরো বিষয়টি সমন্বয় করছেন। কুষ্টিয়া শহরে সমিতির এক নেতার কার্যালয়ে কমিশনের টাকা আদায় করা হচ্ছে। সমিতির আরও কয়েকজন নেতা এর সঙ্গে সম্পৃক্ত। তাঁরা এ টাকা ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার কাছে পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি মিলমালিক ওই কমিশনের টাকা দিয়েছেন। কেন কমিশন দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, যাঁরা নিচ্ছেন তাঁরা তো অনেক শক্তিশালী। ব্যবসা ঠিক রাখতে এসব দিতে হচ্ছে। এ ছাড়া লাইসেন্স বাতিলেরও ভয় আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মিলমালিকদের মাঝেও সিন্ডিকেট রয়েছে। ১৫ থেকে ২০ জন মিলমালিক নিয়ন্ত্রণ করেন বেশির ভাগ লাইসেন্স। এমনও মিলমালিক আছেন, যাঁদের ২০ থেকে ২৫টি লাইসেন্স আছে। নিম্নমানের পুরোনো চাল মেশিনের সাহায্যে নতুন করে সরবরাহ করেন তাঁরা। ভয়ে তাঁরা কিছু বলতে পারেন না।

জেলা চাল সংগ্রহ মনিটরিং কমিটিতে কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনুর প্রতিনিধি ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘আমরা কমিশন নেওয়ার বিরুদ্ধে। যাঁরা কমিশন নিচ্ছেন, তাঁদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল সমিতির কুষ্টিয়া শাখার এক নেতা বলেন, ‘এটা ওপর মহলের বিষয়। এটা কীভাবে বলব।’ আপনি নাকি সবকিছু সমন্বয় করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদে আছি, সবকিছু দেখতে হয়। বাস্তব জিনিস হলো, যে নিয়ম অনুসারে আগে চলেছে, এবারও চলছে। সেটা কখনো কমে, কখনো বাড়ে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত নয়। যদি কেউ জড়িত থাকেন, দায়ভার তাঁর থাকবে।’ এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার কুণ্ডু বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

জেলা প্রশাসক বেলাল হোসেন বলেন, সরকারি বিধি মোতাবেক চাল সংগ্রহের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।