কেটে নেওয়া হয়েছে সড়কের পাশের গাছ

কুষ্টিয়ার দুটি উপজেলার আঞ্চলিক সড়কের পাশে লাগানো সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। প্রশাসন অভিযান চালিয়ে কিছু গাছ উদ্ধার করেছে।
জানা গেছে, দৌলতপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের রিফায়েতপুর এলাকায় গলাকাটা মাঠে এলজিইডির রোপণ করা প্রায় অর্ধশত মেহগনি ও শিশুগাছ গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে কেটে ফেলা হয়।
সড়কের পাশের জমির মালিক মাসুদুর রহমান জানান, তাঁর জায়গা ঘেঁষে সড়কে সাতটি মেহগনিগাছ লাগানো ছিল। ১০-১৫ দিন আগে হঠাৎ তিনটি গাছ চিহ্নিত করে যান বন বিভাগের লোকজন। এর কয়েক দিন পর সব গাছ কেটে নিয়ে যান বাবু নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। একই সড়কের আধা কিলোমিটারের মধ্যে আরও অর্ধশতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দৌলতপুর এলাকায় দায়িত্বরত বন বিভাগের কর্মকর্তা মহাসিন আলী বলেন, ‘রাতের আঁধারে গাছ কেটে নিলে আমি কী করব? তার পরও তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও শামীমুল হক বলেন, ‘দরপত্রের মাধ্যমে গাছ কাটা হয়েছে বলে শুনেছি। দরপত্রের বাইরে গাছ কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে। কয়েকটি অভিযোগ পেয়েছিলাম। তদন্ত করে দেখা গেছে, সঠিকভাবেই গাছ কাটা হয়েছে।’
এদিকে গত ২৭ মার্চ সদর উপজেলার বৃত্তিপাড়া-জামজামি সড়কের হাতিয়া গ্রামে স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রোপণ করা ১৫টি বড় মেহগনিগাছ কেটে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা মাসুদ। এসব গাছ কেটে স্থানীয় একটি করাতকলে বিক্রি করে দেওয়া হয়। ওই দিনই ইউএনও খোদেজা খাতুন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো উদ্ধার করেন।
এলজিইডির এক কর্মকর্তা জানান, ১০-১২ বছর আগে সড়কের পাশে মেহগনিগাছ লাগানো হয়েছিল। গাছ কাটার বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও খোদেজা খাতুন বলেন, ‘১৫টি গাছ একটি করাতকল থেকে জব্দ করা হয়। এ বিষয়ে মামলা করবে এলজিইডি। স্থানীয় প্রভাবশালী একটি চক্র এ ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছেন।’
কয়েক মাস আগে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে তিন শতাধিক গাছ কেটে নেন প্রভাবশালী ব্যক্তিরা।