
প্রতিবেশ সংকটাপন্ন কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী সৈকতপাড়ায় সরকারি উঁচু পাহাড়টি কেটে সমান করে একের পর এক তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। গত এক মাসে ওই পাহাড় ছাড়াও আশপাশের আরও কয়েকটি পাহাড়ে সাত শতাধিক ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। পাহাড় কাটা অব্যাহত থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, গত ঈদের আগে ও পরে এক মাসে এই একটিমাত্র উঁচু পাহাড় কেটে তৈরি করা হয়েছে ৭৩টি অস্থায়ী ঘরবাড়ি। আর আশপাশের আরও কয়েকটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে ৬৩০টির বেশি ঘরবাড়ি। সৈকত তীরের আবাসিক হোটেল-মোটেল জোনসংলগ্ন এলাকায় উঁচু পাহাড়টির অবস্থান। এ কারণে প্রভাবশালী ব্যক্তিরা শ্রমিক নিয়োগ দিয়ে পাহাড় কাটছেন। পাশাপাশি তাঁরা প্রতি দুই শতক (এক গন্ডা) জমি আট থেকে ১০ লাখ টাকায় বিক্রি করছেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ-প্রতিবেশের গুরুতর ক্ষতি হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর শহরের একাধিক পাহাড়ে অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে। এ সময় কক্সবাজার সদর থানায় ৯৭ জন দখলদারের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়। কিন্তু জনবলসংকটের কারণে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার সকালে কলাতলীর ওই পাহাড়চূড়ায় উঠে দেখা গেছে, দিনদুপুরে লোকজন উঁচু পাহাড়টি কেটে কেটে ক্রমান্বয়ে সমতল করছেন। কয়েকজনকে সমতল জমির দখল বুঝে নিতে টিনের ঘরবাড়ি তৈরি করতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ঘরের কয়েকজন মালিক বলেন, পৌরসভার কয়েকজন কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা, স্থানীয় ভূমি অফিস এবং বন বিভাগের কয়েকজন কর্মচারীর যোগসাজশে এই পাহাড় কাটা চলছে।
প্রায় ৩০০ ফুট উঁচু একটি পাহাড়ে টিনের ঘর তৈরি করে বসতি নির্মাণের কাজ করছিলেন টেকনাফের সলিম উল্লাহ। তিনি বলেন, ১০ লাখ টাকায় তিনি পৌরসভার এক কাউন্সিলর থেকে এই জমি কিনে ঘর তৈরি করছেন। উচ্ছেদ করলে ওই কাউন্সিলর আবার তাঁকে ঘর তৈরির সুযোগ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে তিনি ওই কাউন্সিলরের নাম বলতে রাজি হননি। এ ছাড়া শহরের লাইটহাউস পাহাড়, আদর্শ গ্রাম, পাহাড়তলী, জাদিরাম পাহাড়, হিলটপ সার্কিট হাউস পাহাড় কেটেও অসংখ্য ঘরবাড়ি তৈরি করা হয়েছে। দেখা গেছে, পৌরসভা কর্তৃপক্ষ বস্তি উন্নয়নের নামে পাহাড় কেটে একাধিক টয়লেট ও হাঁটাচলার রাস্তা তৈরি করছে। এতে করে লোকজন পাহাড় কেটে বসতি তৈরিতে আরও উৎসাহিত হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন।
বন ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, শহরের প্রায় ৭০০ একরে ছোট-বড় ১২টি পাহাড়ে বর্তমানে ২০ হাজারের বেশি ঘরবাড়ি রয়েছে। অবৈধ এসব বসতিতে বাস করছে কমপক্ষে আড়াই লাখ মানুষ। এর মধ্যে অন্তত এক লাখ রয়েছে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা।
পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বাঁচাও আন্দোলনের’ সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, গত তিন বছরে শহরের আদর্শ গ্রাম, কলাতলী, সিটি কলেজ এলাকা, পাহাড়তলী, ঘোনাপাড়া, হিমছড়িসহ জেলার বিভিন্ন স্থানে পৃথক পাহাড়ধসের ঘটনায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রেহানা আক্তার বলেন, পাহাড়ের ওপরে বসবাসকারী নাগরিকদের উন্নয়নের অংশ হিসেবে টয়লেট ও রাস্তা নির্মাণ করা হচ্ছে ঠিক, কিন্তু তা পাহাড় কেটে নয়।
কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, পাহাড় কাটা বন্ধ করতে নানা চেষ্টা করেও ফল পাওয়া যাচ্ছে না। বসবাসের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে পাহাড় থেকে লোকজনকে সরিয়ে আনা না গেলে ভবিষ্যতে এই শহরে পাহাড়ের কোনো চিহ্ন থাকবে না।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, পাহাড় কাটা বন্ধ এবং পাহাড় কেটে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শিগগিরই যৌথ অভিযান শুরু করা হবে।