কেন্দুয়ায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন খুন
নেত্রকোনার কেন্দুয়ায় গত দুদিনে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন খুন হয়েছেন। এর মধ্যে একটি খুনের ঘটনায় পুলিশ একজনকে অাটক করেছে।
গতকাল শুক্রবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী আবদুল মজিদ (১৯) খুন হয়েছেন। তিনি উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি উপজেলার দ্বিপাড়া গ্রামের রিকশাচালক জালাল উদ্দিনের ছেলে।
মজিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,মজিদের চাচা আবদুল গাফাফার পাশের আলমপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে রতন মিয়ার কাছে কিছু টাকা পান। গতকাল বেলা আড়াইটার দিকে রতনের কাছে সেই টাকা চান আবদুল গাফফার। এতে রতন ক্ষিপ্ত হন। একপর্যায়ে রতন তাঁর বাড়ি থেকে দা নিয়ে এসে গাফফার ও তাঁর পরিবারের সদস্যদের ডাকতে থাকেন। এ সময় মজিদ ও তাঁর দুই চাচা আবদুস সাত্তার ও গাফফার বের হয়ে আসেন। সঙ্গে সঙ্গে ওই তিনজনকে দা দিয়ে কোপাতে শুরু করেন রতন। এতে মজিদ গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় মজিদকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মজিদের মা রাহেলা বেগম বলেন, ‘মজিদের বাবা রিকশা চালিয়ে অনেক কষ্টে তিন ছেলেকে পড়াচ্ছেন। মজিদকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু এখন সব আশা শেষ হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, মজিদের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার উলুয়াটি গ্রামের রুবেল মিয়া (২২) খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রুবেলের বন্ধু পলাশ মিয়াকে আটক করেছে।
রুবেল কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামের হাশেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আটক হওয়া পলাশ একই গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
রুবেলের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রুবেল মিয়া বাড়ি থেকে বের হয়ে স্থানীয় রেইনট্রিতলা বাজার এলাকায় যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে দুর্বৃত্তরা গলা কেটে ও কুপিয়ে হত্যা করে রুবেলের লাশ বাড়ির আধা কিলোমিটার দূরে চান মিয়ার জমিতে ফেলে রাখে। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে পুলিশ নিহতের লাশ ওই এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।