কেন্দুয়ায় গৃহবধূ খুন দুই জেলায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত বৃহস্পতিবার শিপা আক্তার (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন।
এ ছাড়া গতকাল শুক্রবার নেত্রকোনা সদর থেকে সোহেল মিয়া (২৪) নামের এক যুবক ও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কামরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিপা আক্তারের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাঁটাহুসিয়া গ্রামের শামছুল হকের মেয়ে শিপার সঙ্গে এক বছর আগে পাশের দলপা ইউনিয়নের চাতল গ্রামের হারুনুর রশীদের বিয়ে হয়। হারুনুর সেনাবাহিনীর বেসামরিক (সিভিল) বাবুর্চি পদে কর্মরত। যৌতুকের দাবিতে হারুনুর ও তাঁর পরিবারের সদস্যরা শিপাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
গত বৃহস্পতিবার হারুন স্ত্রী শিপাকে নিয়ে ঢাকা থেকে বাড়ি আসার কথা তাঁর শ্বশুরকে জানান। পরে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে মুঠোফোনে হারুন তাঁর শ্বশুরকে জানান, শিপা দলপা ইউনিয়নের রামনগর আসার পর মারা গেছেন। শিপার বাবাসহ পরিবারের লোকজন রামনগর এলাকায় গিয়ে দেখেন শিপার মৃতদেহ পড়ে আছে। এ সময় স্থানীয় লোকজন হারুনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও হারুনকে আটক করে থানায় নিয়ে আসে।
শামছুল হক বলেন, ‘হারুন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিপাকে হত্যা করা হয়েছে।
এদিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নেত্রকোনা পৌরসভার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মুনতাসির মারুফ জানান, সোহেলের মাথার বাঁ পাশে হালকা জখমের চিহ্ন রয়েছে।
কামরুলের পরিবার সূত্রে জানা গেছে, নান্দাইলের শেরপুর ইউনিয়নের সংগামকেলি গ্রামের বাসিন্দা কামরুল।
তিনি ও তাঁর স্ত্রী আজিদা গাজীপুরের মাওনা এলাকার একটি বস্ত্রকলে চাকরি করতেন। এ কারণে তাঁরা সেখানেই থাকতেন। গত বৃহস্পতিবার দুপুরে কামরুল তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামে আসেন। জমিজমার ভাগ নিয়ে চাচা মো. মোতালেব মিয়ার সঙ্গে কামরুলের আগে থেকে বিরোধ চলছিল। বাড়িতে আসার পর বৃহস্পতিবার বিকেলে কামরুলের সঙ্গে মোতালেবের তর্ক হয়।
পরে ওই দিন রাত আটটার দিকে কামরুলের স্ত্রী আজিদা জানতে পারেন বাড়ির কাছে একটি গাছে লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় কামরুলের লাশ ঝুলছে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আজিদার জানান, তাঁর ধারণা কামরুল আত্মহত্যা করেননি। কেউ তাঁকে খুন করতে পারে।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কামরুলের লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।