নেত্রকোনার কেন্দুয়ায় চাঁদা না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন। পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় তা প্রত্যাহার করা হয়।
হামলার শিকার চিকিৎসক আশরাফুল আমিন জানান, গত রোববার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করার সময় পাঁচ-ছয়জন উচ্ছৃঙ্খল যুবক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে তাঁর কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আরও বেশি টাকা দাবি করে। একপর্যায়ে তারা হুমকি দিয়ে চলে যায়।
দুপুরে কাজ শেষে আশরাফুল বাসায় যাওয়ার জন্য কেন্দুয়া আঠারোবাড়ি সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁর ওপর হামলা করে।
এ ঘটনায় চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আমিন তালুকদার বাদী হয়ে গত সোমবার মামলা করেন।