কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল শনিবার জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুজন নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের সহিলাটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ইছব আলীর সঙ্গে একই গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে বারেক ভূঁইয়ার লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে গেলে ইছব আলীর পক্ষের লোকজন বাধা দেন। একপর্যায়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুজন নারীসহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত বারেক ভূঁইয়ার ভাই আবদুল জব্বার ভূঁইয়া (৬০), বারেকের সমর্থক হাইছ উদ্দিন (৪৫) ও বারেক ভূঁইয়ার ছেলে আমিনুল ইসলাম ভূঁইয়াকে (৩০) দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।