কেন্দুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে বিষ ঢেলে এক ব্যক্তির পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কচুয়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক, কয়েকজন এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গ্রামের রাহিত খান বাড়ির পাশে তাঁর পুকুরে মাছ চাষ করেন। তাঁর পুকুরে কয়েক বছর আগের বড় বড় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের প্রায় দেড় হাজার মাছ ছিল। কিছুদিন বড়শিপ্রতি পাঁচ হাজার টাকা করে ৫০ জন মাছশিকারির কাছে পুকুরটি ভাড়া দেওয়ারও কথা ছিল। এ জন্য যথারীতি প্রচারও চালানো হচ্ছিল।
দুর্বৃত্তরা গত শনিবার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। গতকাল রোববার সকালে রাহিত খান পুকুরপাড়ে গিয়ে সব মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে খবর পেয়ে স্থানীয় তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
পুকুরের মালিক রাহিত খান বলেন, ‘পুকুরটিতে কয়েক বছরের পুরোনো বেশ কয়েক কেজি ওজনের অনেক বড় বড় মাছও ছিল। আগামী কিছুদিনের মধ্যে ৫০ জন মাছশিকারির কাছে আড়াই লাখ টাকায় পুকুরটি ভাড়া দেওয়ারও কথা ছিল। কিন্তু তা আর হলো না। ওই পুকুরে আরও আড়াই লক্ষাধিক টাকার মাছ ছিল। দুর্বৃত্তরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আমি এর বিচার চাই।’
পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. নূরুল হুদা বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় পুকুরের মালিককে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।