কেন্দুয়ায় বাল্যবিবাহের আয়োজন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে এক তরুণের বাল্যবিবাহের আয়োজনটি অবশেষে পণ্ড হয়ে গেছে। এ সময় বিয়ের আসর থেকে বর ও বিয়ে নিবন্ধনকারী (কাজি) পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা কোনাপাড়া গ্রামে।
এলাকাবাসী, পুলিশ ও প্রশাসন সূত্র জানায়, মোজাফফরপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে পানেশ মিয়ার (২০) সঙ্গে গগডা গ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও গ্রামের বাসিন্দা ফাইজুল ইসলামের মেয়ের (১১) বিয়ের পূর্বনির্ধারিত দিন ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। একপর্যায়ে খবর পেয়ে ইউএনও রুহুল আমিন পুলিশকে বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় পেমই পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্তকেন্দ্রের দায়িত্বে থাকা এসআই এমদাদুল বাশার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও কাজি আগেই পালিয়েছেন।