কেন্দুয়ায় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোহাগ মিয়া (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। ছোট ভাই সাফায়েত মিয়া তাঁকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছুন্দরী গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত সোহাগের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পেছুন্দরী গ্রামের আবদুল মল্লিকের ছেলে সোহাগের শ্যালিকাকে বিয়ে করতে চেয়েছিলেন তাঁর ছোট ভাই সাফায়েত মিয়া।
কিন্তু ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। এর জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সাফায়েত একই ঘরের পাশাপাশি কক্ষে ঘুমিয়ে থাকা সোহাগকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।
এ সময় সোহাগের বড় ছেলে সেলিম মিয়ার (১০) চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সাফায়েত দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোহাগের বড় ভাই আবদুর রহমান জানান, ‘ওই মেয়েকে (সোহাগের শ্যালিকা) বিয়ে করতে না পেরেই ক্ষিপ্ত হয়ে সাফায়েত এ ঘটনা ঘটিয়েছেন। আমরা তাঁর (সাফায়েত) দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব গতকাল বিকেল চারটার দিকে জানান, ‘নিহত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে সাফায়েত পলাতক রয়েছেন।