কেন্দুয়ায় অবসরপ্রাপ্ত বিচারককে কুপিয়ে জখমের অভিযোগ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবসরপ্রাপ্ত বিচারক লতিফ আহমেদ খানকে (৬০) কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর ভাতিজা ফয়সাল আহমেদ খান (৩৫) এ ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
লতিফ আহমেদ খান বলেন, জল্লি গ্রামে তাঁদের একটি পারিবারিক পুকুর রয়েছে। পুকুরটির মাছ ও পানি যেন পাশের জমিতে সহজে যেতে পারে, সে জন্য এর দক্ষিণ পাড়ের প্রায় দেড় হাত জায়গা গত বুধবার রাতে কে বা কারা কেটে দেয়। পাশের জমিটি ফয়সালদের। লতিফ আহমেদ খান গতকাল সকালে পুকুরধারে হাঁটতে গিয়ে এ অবস্থা দেখতে পান। এ নিয়ে ভাতিজা ফয়সাল আহমেদ খানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়সাল রামদা দিয়ে লতিফ আহমেদ খানের বাঁ পা ও ডান হাতে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। তাঁকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, হামলায় ব্যবহৃত রামদাটি উদ্ধার এবং সেটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।